সৌদিতে অস্ত্র কারখানা নির্মাণ পরিকল্পনা ফাঁস, সুইডিশ মন্ত্রীর পদত্যাগ
একটি অস্ত্র কারখানা গড়তে সৌদি আরবকে সহায়তা করার বিষয়ে সুইডেনের পরিকল্পনা ফাঁস হওয়ার পর সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী স্টেন টল্গফর্স পদত্যাগ করেছেন। এ নিয়ে এক সপ্তাহ ধরে তাঁর কঠোর সমালোচনা করা চলছিল। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেলড্ট জানান, ‘টল্গফর্সের অনুরোধের পরিপ্রেক্ষিতে দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।’২০০৭ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন টল্গফর্স। প্রধানমন্ত্রী বলেন, কয়েক মাস ধরে দায়িত্ব ছাড়ার তিনি আভাস দিচ্ছিলেন। তিনি স্বীকার করেন, সংবাদমাধ্যমে অস্ত্র কারখানা নির্মাণ নিয়ে কেলেঙ্কারির ঘটনার ব্যাপক প্রচার তাঁর বিদায়কে ত্বরান্বিত করেছে। সম্প্রতি সুইডিশ রেডিওতে প্রচারিত খবরে বলা হয়, ২০০৭ সাল থেকে সুইডিশ ডিফেন্স রিসার্চ এজেন্স সৌদি আরবকে ট্যাংকবিধ্বংসী অস্ত্র কারখানা গড়ে তুলতে সহায়তা দিতে গোপনে পরিকল্পনা করছিল। এএফপি।