সৌদিতে ফেসবুকে উসকানি, সাতজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের একটি আদালত ফেসবুক ব্যবহারকারী সাত ব্যক্তিকে পাঁচ থেকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ড পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করে বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বরাত দিয়ে গতকাল রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দণ্ড পাওয়া এসব ব্যক্তিকে গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আদালতে চলতি বছরের এপ্রিলে তাদের বিচার শুরু হয়। ২৪ জুন আসামিদের দণ্ডাদেশ ঘোষণা করা হয়।

অনলাইনে, বিশেষ করে ফেসবুকে বার্তা পোস্ট করে বিক্ষোভে উসকানি ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় দণ্ডিত ব্যক্তিদের বিরুদ্ধে। তবে সরাসরি বিক্ষোভে অংশ নেওয়ার কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়নি।

ফেসবুকে দুটি গ্রুপ খুলে এসব উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়ে একজনকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগে স্বীকারোক্তি আদায়ে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছে আসামিরা।

অনলাইনভিত্তিক ভিন্নমতাবলম্বী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষের নেওয়া কড়া পদক্ষেপের এটা সবশেষ দৃষ্টান্ত।