সৌদিতে ১৫ হাজার ভারতীয় পাসপোর্ট ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ হাজার ভারতীয় শ্রমিকের পাসপোর্ট রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসকে হস্তান্তর করেছে সৌদি কর্তৃপক্ষ। এসব শ্রমিকের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সোমবার বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, এসব শ্রমিকের মধ্যে অনেকে তাঁদের স্থানীয় নিয়োগকারীদের কাছ থেকে পালিয়ে গেছেন, কিছু কারাগারে দিন কাটাচ্ছেন, কিছু আবার অভিবাসন আইন লঙ্ঘন করে বিচারের অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট শ্রমিকদের সৌদি আরবের নিয়োগকারীরা অধিকাংশ পাসপোর্ট দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। সৌদি কর্তৃপক্ষ তা হস্তান্তর করেছে ভারতীয় দূতাবাসের কাছে।
রিয়াদের ভারতীয় দূতাবাস জানায়, সৌদি কর্তৃপক্ষের নেওয়া এই পদক্ষেপের ফলে পলাতক ও অভিবাসন আইন লঙ্ঘনকারী ভারতীয় শ্রমিকেরা কারাদণ্ডাদেশ ও দেশে ফেরত পাঠানো থেকে রেহাই পাবেন।
রিয়াদের ভারতীয় দূতাবাস ইতিমধ্যে প্রাপ্ত পাসপোর্টগুলোর তালিকা ওয়েবসাইটে তুলে দিয়েছে। তথ্য-প্রমাণসাপেক্ষ সংশ্লিষ্ট ভারতীয় শ্রমিকদের কাছে পাসপোর্টগুলো বিতরণ করা হবে।
সৌদি আরবে প্রায় ২০ লাখ ভারতীয় প্রবাসী রয়েছেন।