সৌদিতে ২৫ ইন্দোনেশীয় গৃহকর্মীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অপেক্ষায়
সৌদি আরবে বিভিন্ন অপরাধে ইন্দোনেশিয়া থেকে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে যাওয়া ২৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরও ২২ জনকে ক্ষমা করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় পত্রিকা আরব নিউজ গতকাল শুক্রবার এ কথা জানায়। এদিকে বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে জাকার্তা শিগগিরই সৌদি আরবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। দলটি দণ্ডপ্রাপ্ত ওই গৃহপরিচারিকাদের মুক্ত করার চেষ্টা চালাবে।আরব নিউজ জানায়, দেশটিতে বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মোট ৪৭ জন ইন্দোনেশীয় গৃহপরিচারিকা কারাবন্দী ছিলেন। তাঁদের মধ্যে ২২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, বাকি ২৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। দৈনিকটি সৌদি আরবে ইন্দোনেশিয়া দূতাবাসের মুখপাত্র হেনদ্রার প্রামুতয়োর বরাত দিয়ে আরও জানায়, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া গৃহপরিচারিকাদের মধ্যে ছয়জন রিয়াদে এবং বাকি ১৯ জন সৌদি আরবের পশ্চিমাঞ্চলে কর্মরত ছিলেন। এএফপি।