আঞ্চলিক ‘শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ওমান সফরকালে গতকাল সোমবার তিনি এ আহ্বান জানান।
জারিফ বলেন, ‘আমি বিশ্বাস করি, সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। কারণ, আমরা সৌদি আরবকে এই অঞ্চলের এবং মুসলিম বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করি। আমরা বিশ্বাস করি, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান ও সৌদি আরবকে একসঙ্গে কাজ করতে হবে।’
উপসাগরীয় দেশগুলোতে সফরের অংশ হিসেবে ওমানের রাজধানী মাসকটে অবস্থানকালে এসব মন্তব্য করলেন জারিফ। গত রোববার কুয়েত সফরের মধ্য দিয়ে এ সফর শুরু করেছেন তিনি। তাঁর এ সফরের মূল লক্ষ্য হচ্ছে ছয় প্রভাবশালী দেশের সঙ্গে তেহরানের সাম্প্রতিক পারমাণবিক সমঝোতা চুক্তি সম্পর্কে উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করা।
জারিফের গতকালই ওমান থেকে অনির্ধারিত এক সফরে কাতার যাওয়ার কথা ছিল। জারিফ গতকালও আশা প্রকাশ করেন, তিনি ‘শিগগিরই’ সৌদি আরব এবং উপসাগরীয় অন্য দেশগুলো সফর করবেন। এটি উভয় পক্ষের সম্মতিতে একটি সুবিধাজনক সময় ঠিক করার ব্যাপার মাত্র।
ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর শত্রুতাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এএফপি।