সৌরবিদ্যুৎ জনপ্রিয় করতে
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের বাসিন্দা জোলেকা মালি এত দিন কেরোসিনের চুলায় পানি গরম করতেন। এ বছরের শুরু থেকে তিনি সোলার হিটারের সাহায্যে (সৌরবিদ্যুতে চালিত পানি গরম করার যন্ত্র) পানি গরম করছেন।চলতি বছরের গোড়ার দিকে দক্ষিণ আফ্রিকার বিদ্যুৎ কোম্পানি এস্কম জোলেকা মালির বাড়ির ছাদে বিনা মূল্যে ওই সোলার হিটার স্থাপন করেছে বিদ্যুতের ওপর চাপ কমাতে এবং সৌরবিদ্যুৎ জনপ্রিয় করে তুলতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মালি বলেছেন, নতুন এ হিটার ব্যবহারের ফলে পরিবেশের কী উপকার হবে তিনি জানেন। কিন্তু এতে তাঁর ব্যাপক উপকার হয়েছে, সেটা তিনি ভালো করেই টের পাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বাসিন্দারা এ পদ্ধতিকে গিজার (পানি গরম করার যন্ত্র) হিসেবে আখ্যায়িত করে।দুই সন্তানের জননী মালি বলেন, ‘পানি গরম করতে গিজার সূর্যের আলো ব্যবহার করে। এতে বিদ্যুতের কোনো সমস্যা হচ্ছে না। এখন আমি কেরোসিনের চুলা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। কেননা, এটা বিপজ্জনক।’ দক্ষিণ আফ্রিকার স্বল্প আয়ের মানুষদের বিনা পয়সায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে এস্কম। এতে শুধু বাতি জ্বালানো সম্ভব হলেও গোসল কিংবা ধোয়ামোছার জন্য পানি উত্তোলন করা সম্ভব হয়ে ওঠে না। ফলে বাধ্য হয়ে লোকজন কেরোসিনের চুলা ব্যবহার করে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে এতে। মালির মতো পোর্ট এলিজাবেথের অন্তত ৩০ হাজার বাসিন্দা এখন এই সুবিধা পাচ্ছে। অন্যান্য শহরেও হাজার হাজার মানুষকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। ২০১৫ সাল নাগাদ সারা দেশে ১০ লাখ সোলার হিটার স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে এস্কম। কোম্পানিটি ১১০ লিটার গিজার বিনা মূল্যে বিতরণ করছে। এস্কমের মুখপাত্র হিলারি জোফে বলেছেন, ‘এস্কম ও সরকারের লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ বাঁচানো, নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দেওয়া এবং স্বল্প আয়ের নাগরিকদের ত্রাণ হিসেবে বিদ্যুৎ দেওয়া।’ এএফপি।