সৌরবিমানের পৃথিবী প্রদক্ষিণ শেষ

চার মহাদেশ, দুই মহাসাগর আর তিন সাগর পাড়ি দিয়ে অবশেষে বিশ্বভ্রমণ শেষ করছে সোলার ইমপালস-২। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করতে এক ফোঁটা জ্বালানির ব্যবহার না করেই পুরো বিশ্ব ঘুরে সৌরচালিত বিমানটির সংযুক্ত আমিরাতের রাজধানী আবুধাবিতে আজ মঙ্গলবার অবতরণ করার কথা।
বিশ্বভ্রমণের ৪২ হাজার কিলোমিটার (২৬ হাজার ৯৭ মাইল) পথ পাড়ি দিতে বিমানটি পরিচালনা করেন সুইস পাইলট বার্ট্রান্ড পিকার্ড (৫৮) ও আন্দ্রে বোর্শবার্গ (৬৩)। শেষ ধাপে বিমানটি উড়িয়ে আবুধাবির আল-বাতেন এক্সিকিউটিভ বিমানবন্দরে অবতরণ করার দায়িত্ব পড়েছে পিকার্ডের ওপর। এই বিমানবন্দর থেকেই ২০১৫ সালের ৯ মার্চ সোলার ইমপালস-২ বিশ্বভ্রমণ শুরু করেছিল।
কায়রো থেকে গত রোববার উড্ডয়নের পর সোলার ইমপালস-২ গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে সৌদি মরুভূমি পাড়ি দেয়। এ সময় পিকার্ড টুইটারে এক পোস্টে বলেন, ‘উচ্চ তাপমাত্রার অশান্ত এক রাতের শেষে সৌদি আরবের মরুভূমির ওপর সূর্যোদয় ঘটেছে।’ কায়রো পৌঁছানোর আগে বিমানটি এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর আফ্রিকা পাড়ি দেয়।
একটি গাড়ির প্রায় সমান ওজনের সৌরচালিত এই বিমানটির ডানার মোট দৈর্ঘ্য একটি বোয়িং-৭৪৭-এর সমান। ডানায় বসানো ১৭ হাজার সৌরকোষ ব্যাটারিচালিত চার ইঞ্জিনের বিমানটিকে সচল রেখেছে। গড়ে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে উড়েছে এটি। বিশ্বভ্রমণের দীর্ঘ পথ পাড়ি দিতে ভূপৃষ্ঠ থেকে বেশ উঁচু দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলটকে শ্বাসপ্রশ্বাসের জন্য অক্সিজেন ট্যাংক ব্যবহার করতে হয়েছে। সেই সঙ্গে পরতে হয়েছে তাপ ও চাপজনিত প্রতিকূলতা সামাল দিতে সক্ষম বিশেষ পোশাক।