স্কটল্যান্ড প্রশ্নে ক্যামেরন ও মিলিব্যান্ড ঐক্যবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের অখণ্ডতার প্রশ্নে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে আছেন বিরোধী দলের নেতা এড মিলিব্যান্ড। তিনি বলেন, স্কটল্যান্ড প্রশ্নে ক্যামেরন ঠিক পথেই এগোচ্ছেন। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবার পার্টির নেতা মিলিব্যান্ড এ কথা বলেন। স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ডের গণভোট আহ্বানের ফলে ৩০৭ বছরের ঐক্য ভাঙনের মুখে পড়ে। ২০১৪ সালের শুরুতে স্যালমন্ডের ডাকা গণভোটের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে ক্যামেরন সরকার বলেছে, গণভোট কখন হবে বা কী প্রশ্নে হবে এবং এ বিষয়ে অ্যালেক্স স্যালমন্ডের এখতিয়ার আছে কি না, তা প্রশ্নসাপেক্ষ বিষয়। আর ভাঙনের প্রশ্নে ক্যামেরন বলেন, স্কটল্যান্ডের জন্য যুক্তরাজ্যের সঙ্গে থাকা মঙ্গলজনক। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের জন্য পূর্ণাঙ্গ ক্ষমতা স্কটিশ পার্লামেন্টের হাতে দেওয়া হবে। আর গণভোটে প্রশ্ন থাকবে স্কটল্যান্ড কি যুক্তরাজ্যের সঙ্গে থাকতে চায়, না কি স্বাধীনতা। রাজনৈতিক বিশ্লেষকেরা ভাঙনরোধে ক্যামেরন-মিলিব্যান্ডের ঐক্যবদ্ধ অবস্থানকে আধুনিক রাজনীতির অন্যতম উদাহরণ হিসেবেই আখ্যায়িত করেছেন।