স্কটল্যান্ডকে ধরে রাখতে মরিয়া ব্রিটিশ নেতারা
স্কটল্যান্ডকে যুক্তরাজ্যের মধ্যে ধরে রাখতে একই অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি, তাদের শরিক দল লিবারেল ডেমোক্র্যাটস এবং বিরোধী লেবার পার্টি। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ও বিরোধীদলীয় নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড স্কটল্যান্ড গিয়ে স্বাধীনতার গণভোটে ‘না’-এর পক্ষে প্রচারণা চালাবেন। ১৮ সেপ্টেম্বর ওই গণভোট হবে। খবর বিবিসি, গার্ডিয়ান, এএফপি ও রয়টার্সের।
জনমত জরিপে সম্প্রতি স্বাধীনতাপন্থীরা এগিয়ে যাওয়ায় যুক্তরাজ্যের পক্ষের নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার স্কটল্যান্ডকে ঐক্যবদ্ধ যুক্তরাজ্যে থেকে যেতে আকুল আবেদন জানান। কেন্দ্রীয় সরকার ভাঙন ঠেকানোর সর্বশেষ চেষ্টা হিসেবে স্বশাসনের আওতা বৃদ্ধিসহ স্কটল্যান্ড সরকারের ক্ষমতা বাড়ানোর নানা প্রতিশ্রুতি দিয়েছে।
কনজারভেটিভ পার্টির নেতা ক্যামেরন, লিবারেল ডেমোক্র্যাটস পার্টির নেতা ক্লেগ ও লেবার পার্টির নেতা মিলিব্যান্ডের গতকাল বুধবারই স্কটল্যান্ডে পৌঁছার কথা। প্রচারণায় অংশ নেওয়ার স্বার্থে প্রধানমন্ত্রী ক্যামেরন ও বিরোধীদলীয় নেতা মিলিব্যান্ড পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া পর্যন্ত বাদ দিয়েছেন। গতকাল এতে প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও বিরোধীদলীয় নেতার পক্ষে লেবার পার্টির নেতা হ্যারিয়েট হারম্যানের অংশ নেওয়ার কথা।
ওয়েস্টমিনস্টারের তিন প্রধান নেতা প্রচারণা চালাতে একসঙ্গে স্কটল্যান্ডে যাবেন না। সেখানে পৌঁছার পরও কোথাও একসঙ্গে দেখা যাবে না তাঁদের। তবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন তাঁরা। বিবৃতিতে নেতারা বলেন, ‘অনেক কিছু নিয়েই আমাদের মধ্যে মতভেদ রয়েছে। কিন্তু একটি বিষয়ে আমরা একজোট—স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে থাকলেই বেশি ভালো হবে।...যুক্তরাজ্যকে অখণ্ড রাখাই এখন আমাদের প্রথম অগ্রাধিকার।’ এতে আরও বলা হয়, শীর্ষ নেতারা স্কটল্যান্ডে ভোটারদের কথা শুনবেন। কথা বলে বোঝাবেন, তাঁরা বড় একটা সিদ্ধান্ত নিতে ভোট দিতে যাচ্ছেন। তাঁদের প্রতি তিন নেতার বার্তা হবে একটাই, ‘আমরা তোমাদের ধরে রাখতে চাই।’
ক্যামেরন, ক্লেগ ও মিলিব্যান্ডের প্রতি ইঙ্গিত করে স্কটল্যান্ডের স্বাধীনতাকামী নেতা ও ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড বলেছেন, এই মুহূর্তে ‘ওয়েস্টমিনস্টারের নেতৃত্বে থাকা ব্যক্তিরা ইতিহাসের সবচেয়ে কম আস্থাভাজন নেতা’। তাঁরা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালে সেটা স্কটিশদের জন্য শাপে বর হবে। তাঁদের প্রচারণার ফলে ‘হ্যাঁ’ ভোটই বেশি পড়বে। স্যামন্ড বলেন, ‘ক্যামেরন, ক্লেগ ও মিলিব্যান্ডকে স্বাগত জানাই। তাঁরা এলে বরং স্বাধীনতার পক্ষেই বেশি ভোট পড়বে। কারণ, তাঁদের ওপর স্কটিশদের আস্থা নেই।’
গতকাল ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘আমরা চাই না, কয়েকটি জাতিকে নিয়ে গঠিত এই পরিবার ভেঙে যাক। যুক্তরাজ্য অমূল্য এবং বিশেষ এক দেশ।’ নিবন্ধে ক্যামেরনের এমন আবেগ প্রকাশের পাশাপাশি হুঁশিয়ারিও আছে। তিনি বলেছেন, যুক্তরাজ্য ভেঙে গেলে চিরকালের জন্যই ভেঙে যাবে।
মতামত দেবেন না রানি: যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ আসন্ন গণভোটের বিষয়ে কোনো মতামত দেবেন না। গত মঙ্গলবার বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে রানির এ অবস্থানের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণভোট সম্পর্কে রানির দৃষ্টিভঙ্গি হলো, এটি স্কটল্যান্ডের মানুষের সিদ্ধান্তের বিষয়৷