স্কটল্যান্ডে 'না' ভোটদাতারা প্রতারিত হয়েছেন: স্যামন্ড
স্কটল্যান্ডের স্বাধীনতা-প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে যাঁরা ‘না’ ভোট দিয়েছেন, তাঁরা প্রতারণার শিকার বলে অভিযোগ করেছেন সেখানকার ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা অনুসরণ করা হবে। খবর বিবিসির।
বিবিসির ‘সানডে পলিটিকস’ অনুষ্ঠানে স্বাধীনতা আন্দোলনের নেতা স্যামন্ড অভিযোগ করেন, ‘না’ ভোট দিলে স্কটিশরা আরও ক্ষমতা পাবে বলে গণভোটের প্রচারণার শেষ পর্যায়ে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ওয়েস্টমিনস্টারের নেতারা এখন সেই প্রতিশ্রুতি ‘ফিরিয়ে নেওয়ার’ তোড়জোড় করছেন। তাই এখন ওই ‘না’ ভোটদাতারা ক্ষুব্ধ। কারণ, তাঁদের ‘ভুল পথে পরিচালিত করা হয়েছে’ এবং ‘বোকা বানানো হয়েছে’।
যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতাদের সমালোচনা করে স্যামন্ড আরও বলেন, লন্ডনের নেতারা ‘প্রতিশ্রুতি ভঙ্গ করায়’ তিনি বিস্মিত নন। তবে এত তাড়াতাড়ি তা হবে ভাবেননি। সংবিধানের ওপর গণভোট এক প্রজন্মে একবারই হয়ে থাকে—তাঁর এ বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন এ স্কটিশ নেতা। তবে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য কোনো দিন বেরিয়ে গেলে তার পরিবর্তন হতেও পারে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে স্কটল্যান্ডের স্বাধীনতার বিপক্ষে ৫৫ শতাংশ এবং পক্ষে ৪৫ শতাংশ জনমত এসেছে। গণভোটের আগে যুক্তরাজ্যের নেতারা বলেছিলেন, ‘না’ ভোট জয়ী হলে স্কটল্যান্ডকে দেওয়া ক্ষমতা ও আর্থিকসহ সুযোগ-সুবিধা বাড়ানো হবে। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে।