স্কটল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশ নেতাদের চিন্তাভাবনা
গণভোটে স্বাধীনতার পক্ষ হেরে যাওয়ার পর স্কটল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে জোর চিন্তাভাবনা শুরু করেছেন স্কটিশসহ যুক্তরাজ্যের নেতারা। ব্রিটিশ গণমাধ্যম বলছে, গণভোটের রায়ে যুক্তরাজ্যের অখণ্ডতা নিশ্চিত হলেও স্কটল্যান্ডের সঙ্গে সাংবিধানিক লড়াইয়ের বিষয়টি নতুন করে আলোচনায় জোরালোভাবে উঠে এসেছে। খবর এএফপি ও বিবিসির।
গণভোটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ও প্রধান বিরোধী দলের নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালান। স্কটিশদের ‘না’ ভোটের পক্ষে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষাসহ দেশটি পরিচালনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেন এই নেতারা।
গণভোটে স্কটিশদের দেওয়া প্রধানমন্ত্রী ক্যামেরনের অন্যতম প্রতিশ্রুতি ছিল স্কটিশ সরকারের কর আদায় ও ব্যয়ের ক্ষমতা বাড়িয়ে দেওয়া। আগামী জানুয়ারির মধ্যে সেই ব্যবস্থা গ্রহণের বিষয়ে আইন চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ক্যামেরন।
এদিকে ক্যামেরন যে ইংলিশ এমপিদের নতুন ক্ষমতা দেওয়ার প্রস্তাব তুলেছেন, তার বিরোধিতা করেছেন লেবার নেতা মিলিব্যান্ড। এটি বেশ কয়েক বছর ধরেই একটি আলোচিত বিষয়। ক্যামেরনের প্রস্তাবে বলা হয়, পার্লামেন্টে ইংল্যান্ডের ইস্যুগুলোতে শুধু ইংলিশ এমপিরা ভোট দেবেন। মিলিব্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এ ধরনের কোনো প্রস্তাবে স্বাক্ষর করবেন না।
গণভোটের ফল প্রকাশের পর ইংলিশ এমপিদের ক্ষমতা এবং ইংলিশ ভোটারদের অধিকার বাড়ানোর বিষয়টিও আলোচিত হচ্ছে। তবে অনেকেই মনে করছেন, এ দুটির কোনোটিতেই যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি, তাদের শরিক দল লিবারেল ডেমোক্র্যাটস ও বিরোধী দল লেবার পার্টি একমত হতে পারবে না। স্কটল্যান্ডের গণভোটের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের অন্যান্য অংশেও স্থানীয় পর্যায়ে ক্ষমতা হস্তান্তর তথা প্রশাসনিক পুনর্বিন্যাসের বিষয়টি আবার আলোচনায় এসেছে।
গণভোটে স্বাধীনতার পক্ষে রায় না আসায় স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার এবং স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) প্রধানের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যালেক্স স্যামন্ড।