স্বাধীনতা নিয়ে আবার গণভোট দিতে চায় এসএনপি
স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে আবারও গণভোট আয়োজনের কথা বলেছেন স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) নেতা নিকোলা স্টার্জিয়ন।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার রাতে দলগুলোর স্কটল্যান্ড শাখার নেতাদের এক টিভি বিতর্কে স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জিয়ন বলেন, স্কটল্যান্ডের ২০১৬ সালের প্রাদেশিক নির্বাচনের দলীয় ইশতেহারে তিনি স্বাধীনতা প্রশ্নে আরেকটি গণভোট আয়োজনের বিষয়টিকে রাখবেন।
মাত্র ছয় মাস আগে অনুষ্ঠিত গণভোটে মাত্র ৫ শতাংশের জন্য (হ্যাঁ ৫৫ শতাংশ এবং না ৪৫ শতাংশ) নিভে যায় স্কটল্যান্ডের স্বাধীনতাকামীদের স্বপ্ন। দলের তখনকার উপপ্রধান স্টার্জিয়ন ২০১৩ সালে বলেছিলেন, ‘স্বাধীনতা প্রশ্নে গণভোট হবে প্রজন্মে একবার।’ তিনি তখন প্রজন্ম বলতে বুঝিয়েছিলেন ‘১৫ বছর’ সময়কে। গতকালের বক্তব্যে তিনি দৃশ্যত ওই অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছেন।
স্টার্জিয়ন আরও বলেন, কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ক্ষমতায় ফিরে আসা ঠেকাতে তিনি লেবার দলের নেতা এড মিলিব্যান্ডকে প্রধানমন্ত্রী হতে সহায়তা করতে চান।