স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে ফের গণভোটের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে আবার গণভোটের কথা বলেছেন স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) নেতা নিকোলা স্টার্জিয়ন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার রাতে স্কটল্যান্ডের চারটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এক টিভি বিতর্কের আয়োজন করা হয়। এডিনবরায় ওই বিতর্ক এসটিভি সরাসরি সম্প্রচার করে।

স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা বলেন, ২০১৬ সালের মে মাসে স্কটল্যান্ডের প্রাদেশিক নির্বাচনে জয়ী হলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী তিনি দেশটির স্বাধীনতা প্রশ্নে আরেকটি গণভোট আয়োজন করবেন।

ছয় মাস আগে গত ১৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে ‘হাঁ’ ও ‘না’ ভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে মাত্র ১০ শতাংশের ব্যবধানে (‘হাঁ’ ৫৫% ও ‘না’ ৪৫ %) থেমে যায় স্কটল্যান্ডের স্বাধীনতা। দলের তখনকার উপপ্রধান নিকোলা ওই গণভোটের যুক্তি তুলে ধরে ২০১৩ সালে বলেছিলেন, ‘স্বাধীনতা প্রশ্নে গণভোট হবে প্রজন্মে একবার’। তিনি ১৫ বছর সময়কে এক প্রজন্ম বলে সংজ্ঞায়িত করেছিলেন। কিন্তু গতকালের বক্তব্যে নিকোলা ওই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন।

দর্শকের এক প্রশ্নের জবাবে নিকোলা স্টার্জিয়ন বলেন, জাতীয় নির্বাচনে স্বাধীনতার বিষয়টি তালিকায় রাখা হয়নি। কিন্তু সময়মতো তা আবার তালিকায় আসবে। এসএনপির নির্বাচনী ইশতেহারে তিনি নিজে গণভোট আয়োজনের প্রসঙ্গটি লিপিবদ্ধ করবেন জানিয়ে নিকোলা বলেন, ‘স্কটল্যান্ডের মানুষ যদি ওই ইশতেহার অনুযায়ী এসএনপিকে ভোট দিয়ে পুনরায় প্রাদেশিক পরিষদে বসায়, তাহলে অবশ্যই আরেকটি গণভোট হবে। কারণ এটা জনগণের পছন্দের ব্যাপার, রাজনীতিবিদদের নয়।’

স্বাধীন স্কটল্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৩৪ সালে এসএনপির যাত্রা শুরু হয়। ২০১১ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গত সেপ্টেম্বরের গণভোটে স্কটল্যান্ড স্বাধীনতা না পেলেও এসএনপির জনপ্রিয়তা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়।

আগামী ৭ মে অনুষ্ঠেয় যুক্তরাজ্যের জাতীয় সংসদ নির্বাচনে দলটির আসনসংখ্যা বেড়ে ৫০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ছয়টি আসনে রয়েছে তারা। বলা হচ্ছে, এবার কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সে ‌ক্ষেত্রে এসএনপিই হবে ক্ষমতার নির্ধারক।

আরও পড়ুন: