স্কটল্যান্ডের হাওয়া দেশে দেশে
যুক্তরাজ্যের স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে বৃহস্পতিবার গণভোট হলেও তাতে স্বাধীনতার বিপক্ষেই ভোট পড়েছে বেশি। স্বপ্ন পূরণ হয়নি স্বাধীনতাকামী স্কটিশদের। তবে এই গণভোটের ঢেউ আছড়ে পড়ছে দেশে দেশে। দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তান বিরোধের অন্যতম প্রধান কারণ, কাশ্মীর ও পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তানে গণভোটের দাবি প্রাণ ফিরে পাচ্ছে। ইতিমধ্যে স্বাধীনতার দাবিতে উত্তপ্ত স্পেনের কাতালানিয়া প্রদেশের পার্লামেন্ট গণভোটের প্রস্তাব অনুমোদন করে ফেলেছে গত শুক্রবার। খবর এএফপি ও বিবিসির।
ভারতশাসিত কাশ্মীরে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে ২৫ বছরের বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। তারা অবশ্য নিজেদের স্বাধীনতাকামী বলেই উল্লেখ করে। কাশ্মীরে সংঘাতের মাত্রা ইদানীং কমে এলেও স্বশাসনের পক্ষে আন্দোলন অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে ভারত সরকারকে যুক্তরাজ্য সরকারের দৃষ্টান্ত গ্রহণ করতে বলছেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা।
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রবীণ নেতা সৈয়দ আবদুর রহমান গিলানি মনে করেন, যুক্তরাজ্যে যে গণতন্ত্র এখনো ‘খুবই প্রাণবন্ত’, স্কটল্যান্ডের গণভোট তা প্রমাণ করেছে। যুক্তরাজ্যের কাছ থেকে শিক্ষা নিয়ে ভারত সরকারেরও উচিত গণভোটের মাধ্যমে কাশ্মীরবাসীকে নিজেদের ভাগ্য ঠিক করে নেওয়ার সুযোগ দেওয়া। গিলানি শুক্রবার বলেন, বেছে নেওয়ার স্বাধীনতা এমন একটা মৌলিক অধিকার, যা কোনো জাতির কাছ থেকেই কেড়ে নেওয়া উচিত নয়। ভারত ছয় দশকের বেশি সময় ধরে তা-ই করে আসছে। ভারতকে যুক্তরাজ্যের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। কাশ্মীরকেও নিজেদের ভাগ্য ঠিক করে নেওয়ার অধিকার দেওয়া উচিত।
পাকিস্তানশাসিত কাশ্মীরের পাকিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের নেতা উজায়ের আহমেদ গাজালিও স্কটল্যান্ডের গণভোটের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্য যেভাবে গণভোটের আয়োজন করেছে, তা প্রমাণ করে তারা সত্যিকারের গণতান্ত্রিক দেশ। আমরা আমাদের (কাশ্মীরের) স্বাধীনতা আন্দোলনের জন্য ওই গণভোটকে মডেল হিসেবে নেব।’ আর জামায়াত-ই-ইসলামির কাশ্মীর শাখার প্রধান আবদুর রশিদ তুরাবি বলেন, ভারতের নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করা উচিত নয়। কারণ, দেশটি জনগণের মতামতকে শ্রদ্ধা করে না।
১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই কাশ্মীর সংকট চলে আসছে।
এদিকে পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতারাও স্কটল্যান্ডের আদলে গণভোট দাবি করেছেন। সেখানকার নিষিদ্ধঘোষিত বেলুচ রিপাবলিকান পার্টির মহাসচিব বশির আজিম এক প্রশ্নের জবাবে বলেন, বেলুচরা পাকিস্তানে পাঞ্জাব-প্রাধান্যপুষ্ট শাসকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে দশকের পর দশক সংগ্রাম করে আসছে। উপযুক্ত পরিবেশ সৃষ্টির পর একটি নিরপেক্ষ গণভোটের আয়োজন করে বেলুচ জনগোষ্ঠীকে নিজেদের ভাগ্য বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হলে ভালো হবে।
প্রাকৃতিক সম্পদে ভরপুর বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। তবে এর ৭০ লাখ অধিবাসী প্রদেশটির সম্পদের ন্যায্য হিস্যা পাচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। ২০০৪ সালে পঞ্চম দফায় সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়।
কাতালোনীয় পার্লামেন্টের উদ্যোগ: স্পেন থেকে কাতালোনিয়া প্রদেশের স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠানের দাবি দীর্ঘদিনের। সম্প্রতি স্কটল্যান্ডের গণভোটের প্রচারণার সময় গণভোট অনুষ্ঠানের দাবিতে সোচ্চার হন কাতালোনিয়ার স্বাধীনতাকামীরাও। এমন প্রেক্ষাপটে গতকাল শনিবার স্থানীয় পার্লামেন্টে গণভোট-সংক্রান্ত একটি প্রস্তাব তোলা হয়। প্রস্তাবটি ১০৬-২৮ ভোটে অনুমোদিত হয়েছে। এতে প্রদেশটির প্রেসিডেন্ট আর্তার মাসকে গণভোট আহ্বানের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়।
ভোটাভুটির পর প্রেসিডেন্ট মাস বলেন, ‘স্কটল্যান্ডের গণভোট কাতালোনিয়াকে স্বাধীনতার পথ দেখিয়েছে। আমরা আগামী ৯ নভেম্বর সেখানে গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি।’
স্পেন সরকার প্রদেশটির এই উদ্যোগের নিন্দা জানিয়েছে। তারা বিষয়টি দেশের সাংবিধানিক আদালতে তোলার কথা বলেছে। আদালত গণভোট স্থগিত করার আদেশ দেবেন বলেই মনে করা হচ্ছে।