স্কুলবালক যখন স্পাইডারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছরের স্কুলবালক হিবিকি কনো। এই বয়সী অন্য অনেকের মতোই সুপার হিরো স্পাইডারম্যানের ভক্ত সে। স্পাইডারম্যানের মতো করে কীভাবে বড় বড় ভবনের দেয়াল বেয়ে ওঠা যায় সারাক্ষণ যেন এই চিন্তায় মশগুল। সেই চিন্তা থেকেই সে কিনা আবিষ্কার করে ফেলল দেয়াল বেয়ে ওঠার যন্ত্র!হ্যাঁ, এই যন্ত্র আবিষ্কারের পর ব্রিটেনের কেমব্রিজের কিংস কলেজ স্কুলের ছাত্র হিবিকি তার বন্ধুদের কাছে হিরো বনে গেছে। এরই মধ্যে একদিন সকালে স্কুলে অ্যাসেম্বলির সময় সে ওই যন্ত্র ব্যবহার করে স্কুলের দেয়াল বেয়ে উঠে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।মূলত দুটি ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে এই যন্ত্র তৈরি করেছে হিবিকি। সে তার প্রযুক্তির ক্লাস থেকে শেখা কৌশল ব্যবহার করে পাঁচ মাস সময় নিয়ে তৈরি করে ফেলে এই যন্ত্র। এতে এক হাজার ৪০০ ওয়াটের দুটি ভ্যাকুয়াম ক্লিনারের হোসপাইপের মাথায় দুটি বর্গাকার কাঠের প্যাড ব্যবহার করা হয়েছে। দুই প্যাডের সঙ্গে লাগানো হয়েছে দুটি রশি। দেয়াল বেয়ে ওঠার সময় রশি দুটি দুই পায়ের সঙ্গে বেঁধে নেওয়া হয়। এরপর প্যাড দেয়ালে লাগিয়ে ওপরে উঠতে হয়।হিবিকির প্রযুক্তি ক্লাসের শিক্ষক অ্যাঙ্গুস জেন্ট বলেন, ‘হিবিকিকে নিয়ে আমি গর্বিত। সে প্রথম যখন এটা আমাকে জানায়, আমি দ্বিধান্বিত ছিলাম। পরে তাঁকে এগিয়ে যাওয়ার সাহস দিই।’হিবিকি জানায়, ‘আমি আগে স্পাইডারম্যানের পোশাক পরে থাকতাম। এই ধরনের সিনেমার দারুণ ভক্ত আমি। এটা করতে পেরে আমি দারুণ খুশি।’ তবে হিবিকির একটু দুঃখও আছে! সে জানায়, ‘এই আবিষ্কারে আমার মা দারুণ খুশি। কিন্তু তিনি আমাদের শোয়ার ঘরে এই যন্ত্র ব্যবহার করতে দেন না। তাঁর ধারণা, দেয়াল বেয়ে উঠতে গেলে আমি পড়ে যাব।’ হিবিকি বলে, ‘আমি স্কুলের দেয়াল বেয়ে উঠে প্রমাণ করেছি, এই যন্ত্রের ওপর আস্থা রাখা যায়। কিন্তু আমাকে অন্যান্য উঁচু ভবনে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে না।’ অরেঞ্জ অনলাইন।