স্টকহোমে দাঙ্গা চলছেই
সুইডেনের স্টকহোমের অভিবাসী-অধ্যুষিত শহরতলিতে নিরাপত্তা জোরদার করার পরও গতকাল শুক্রবার টানা ষষ্ঠ দিনের মতো দাঙ্গা হয়েছে। গতকাল রাজধানীর বাইরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গা চলতে থাকা এলাকায় ভ্রমণে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রাতে দাঙ্গাকারীরা গাড়ি ও বিভিন্ন ভবনে আগুন দিয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার রাতে প্রায় ৩০টি গাড়ি, একাধিক স্কুল, দোকানপাট ও একটি থানায় আগুন দেওয়া হয়।
শান্তি ও সাম্যের দেশ হিসেবে সুইডেনের বিশেষ খ্যাতি থাকলেও চলমান দাঙ্গার কারণে দেশটির ভাবমূর্তি হুমকির মুখে পড়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অভিবাসীদের বঞ্চনার বোধ এ দাঙ্গার জন্য অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে।
দাঙ্গার কেন্দ্রস্থল রাজধানীর উপকণ্ঠে হাসবি এলাকা। চলতি মাসের শুরুর দিকে সেখানে ৬৯ বছরের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। এ ঘটনার জের ধরে দাঙ্গার সূত্রপাত।
পুলিশের একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার রাতে দাঙ্গার সময় আটজনকে আটক করা হয়। তিনি বলেন, আসন্ন ফুটবল টুর্নামেন্ট ও সুইডেনের রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্সেস মেডেলেইনের বিয়ের অনুষ্ঠান সামনে রেখে দাঙ্গা-উপদ্রুত এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
পর্যবেক্ষকেরা এই দাঙ্গার ঘটনাকে উন্নত দেশটির সংখ্যাগরিষ্ঠ ধনী ও দরিদ্র, বিশেষ করে অভিবাসীদের মধ্যে চরম বৈষম্যের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করছেন। তরুণ অভিবাসীদের বেকারত্ব, শিক্ষার অভাবসহ বিভিন্ন কারণে তাঁদের মধ্যে বঞ্চনার বোধ জন্ম নিয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ওইসিডির হিসাব অনুযায়ী, ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে সুইডেনে ধনী ও গরিবের ব্যবধান দ্রুত বাড়ছে।