স্টেম সেল কেমোথেরাপির ক্ষতি কমাতে পারে
কেমোথেরাপির ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে শরীর রক্ষায় হয়তো ‘স্টেম সেল বর্ম’ ব্যবহার করা যেতে পারে। মার্কিন এক গবেষণার প্রাথমিক ফলে এই ইঙ্গিত পাওয়া গেছে। কেমোথেরাপির মাধ্যমে যেসব ওষুধ দেওয়া হয়, তা দ্রুত বেড়ে চলা ক্যানসারের কোষ ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু একই সঙ্গে তা অন্যান্য সুস্থ টিস্যু যেমন অস্থিমজ্জাকেও (বোন-ম্যারো) ক্ষতিগ্রস্ত করে।চিকিৎসাবিষয়ক সাময়িকীসায়েন্স ট্রানস্লেশন মেডিসিন-এর নতুন এক গবেষণায় অস্থিমজ্জা রক্ষায় জিনগতভাবে রূপান্তরিত স্টেম সেল ব্যবহার করা হয়েছে। শরীর অব্যাহতভাবে হাড়ের ভেতরের খালি জায়গায় নতুন রক্তকণিকা তৈরি করে। তবে মজ্জা কেমোথেরাপির মাধ্যমে মারাত্মকভাবে প্রভাবিত হয়। এই চিকিৎসা শ্বেত রক্তকণিকার উৎপাদন কমিয়ে দেয়, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। আবার লোহিত রক্তকণিকার উৎপাদনও কমে যায়, যা শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও অবসন্নতার সৃষ্টি করে। সিয়াটলের ফ্রেড হাচিনসন ক্যানসার রিসার্চ সেন্টারের গবেষকেরা একধরনের মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত তিন ব্যক্তির অস্থিমজ্জা রক্ষার চেষ্টা করেন। এই থেরাপি টিউমার কোষ ও মজ্জা উভয়কেই লক্ষ্যবস্তু করে। তবে এতে মজ্জার জন্য স্টেম সেল দিয়ে রক্ষাব্যূহ তৈরি করা হয়। আর টিউমার কোষ থাকে অরক্ষিত। কেমোথেরাপির ওষুধ তখন ওই টিউমারকে আক্রমণ করে। বিবিসি।