স্টেমসেল ফিরিয়ে দেবে হারানো প্রজননক্ষমতা!
শৈশবে ক্যানসারের চিকিৎসা নেওয়ার ফলে যাঁরা প্রজননক্ষমতা হারান, সংরক্ষিত স্টেমসেল প্রতিস্থাপন করার মাধ্যমে তাঁরাও প্রজননক্ষমতা ফিরে পেতে পারেন। বানরের ওপর গবেষণা চালিয়ে এমনটাই দাবি করেছেন একদল গবেষক।সেল স্টেমসেল নামের একটি সাময়িকীতে ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানান, ক্যানসারের চিকিৎসায় ব্যবহূত কেমোথেরাপি ও রেডিওথেরাপি টিউমারের সঙ্গে মানুষের শুক্রাণু উৎপাদনকারী কোষও মেরে ফেলতে পারে।প্রতিবেদনে বলা হয়, বানরের ক্যানসারের চিকিৎসা শুরুর আগে তার দেহ থেকে শুক্রাণু উৎপাদনকারী স্টেমসেল সংগ্রহ করে চিকিৎসার পরে তা প্রতিস্থাপন করে তাঁরা ওই গুরুত্বপূর্ণ ফল দেখতে পান।একই পদ্ধতিতে একটি ডিমকে নিষিক্ত করতে সক্ষম—এমন শুক্রাণুরও সন্ধান পান গবেষকেরা। আর একে তাঁরা গবেষণার ক্ষেত্রে ‘মাইলফলক’ বলে আখ্যায়িত করছেন।গবেষণায় অংশগ্রহণকারী বিজ্ঞানীরা বলছেন, ক্যানসার চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন, এ ধরনের পুরুষেরা চিকিৎসা শুরুর আগে তাঁদের স্টেমসেল সংরক্ষণের ব্যবস্থা নিতে পারেন। এতে ক্যানসার চিকিৎসায় সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেললেও সংরক্ষিত ওই স্টেমসেল প্রতিস্থাপনের মাধ্যমে তাঁরা ওই ক্ষমতা ফিরে পেতে পারেন।ইউনিভার্সিটি অব পিটসবার্গ ও ম্যাগি-উইমেনস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা এই গবেষণা পরিচালনা করেন। তাঁরা তাঁদের গবেষণায় ম্যাকাকিউ গোত্রের ক্যানসারে আক্রান্ত বানরের দেহ থেকে স্টেমসেল সংগ্রহ করে তা হিমায়িত অবস্থায় সংরক্ষণ করেন। পরে এই বানরদের কেমোথেরাপি দেওয়া হয়।কেমোথেরাপি শেষে ওই স্টেমসেল আবার তাদের দেহে আগের স্থানে প্রতিস্থাপন করা হয়। ১২টি প্রাপ্তবয়স্ক বানরের মধ্যে নয়টি এবং প্রাক-বয়ঃসন্ধিকালের পাঁচটি বানরের মধ্যে তিনটি ওই পদ্ধতিতে সন্তান জন্মদানের ক্ষমতা ফিরে পায়। বিবিসি।