স্টোনহেঞ্জের পাশে আরেক নতুন হেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের নব্যপ্রস্তর যুগের বিখ্যাত স্টোনহেঞ্জের কাছেই আর একটি বৃত্তাকার ‘হেঞ্জ’ বা স্মৃতিসৌধ ধরনের স্থাপনার সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির স্টোনহেঞ্জ থেকে প্রায় ৯০০ মিটার দূরে খনন করে এই কাঠামোর সন্ধান পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদেরা বলছেন, ওই এলাকায় গত ৫০ বছরের মধ্যে এটিই সবচেয়ে কৌতূহলোদ্দীপক আবিষ্কার। প্রকল্পের নেতা বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিন্স গ্যাফনি এই আবিষ্কারকে ‘ব্যতিক্রমী’ বলে উল্লেখ করেছেন। বৃত্তাকার কাঠামোটির উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমে দুটি প্রবেশপথ রয়েছে। মাঝখানে রয়েছে সমাধিক্ষেত্রের মতো উঁচু ঢিবি।অধ্যাপক ভিন্স বলেন, ‘এটি দেখলে বড় কোনো টানা পরিখার মতো মনে হতে পারে। তবে একজন প্রত্নতাত্ত্বিক হিসেবে ভালো করে দেখলে ও চিন্তা করলে বোঝা যাবে এটি অনেকগুলো আলাদা গর্তের একটি মালার মতো। এটিকে কাঠের তৈরি স্টোনহেঞ্জ বলা যেতে পারে।’পরিখা দিয়ে ঘেরা প্রাচীনকালের সৌধ জাতীয় স্থাপনাকে হেঞ্জ নাম দিয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ হেনরি চ্যাপম্যান বলেছেন, বৃত্তাকারভাবে খনন করা গর্তগুলোতে কাঠের খুঁটি স্থাপন করা হয়েছিল বলে তাঁর ধারণা। এর কাছাকাছি দেখতে একটি স্থাপনা হচ্ছে কাছেরই উডহেঞ্জ। সেটি ছিল মাটির বাঁধ দিয়ে ঘেরা ছয় সারি কাঠের খুঁটির একটি স্থাপনা। সত্তরের দশকে খনন করে বৃত্তের মধ্যখানে একটি শিশুর কঙ্কাল পাওয়া যায়, যার মাথা ফাটানো ছিল। এটি নরবলির ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। সংশ্লিষ্ট প্রকল্পের ১৬ বর্গকিলোমিটার এলাকা খনন করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় চার বর্গকিলোমিটার খনন করা হয়েছে। সংরক্ষিত স্থানটিতে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কঠোরভাবে নিয়ন্ত্রিত বলে বিজ্ঞানীরা এখন চৌম্বকীয় ও রাডার সেন্সরের মতো যন্ত্রপাতির মাধ্যমে অনুসন্ধান চালাচ্ছেন। এভাবেই নতুন কাঠামোটি ধরা পড়ে। বিবিসি।