স্ট্যাচু অব লিবার্টির ১২৫তম বার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মুক্তির প্রতীক স্ট্যাচু অব লিবার্টির ১২৫তম বার্ষিকী গত শুক্রবার উদ্যাপন করা হলো। ১৮৮৬ সালে ফ্রান্স বন্ধুত্বের স্মারক হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে এই বিখ্যাত মূর্তিটি হস্তান্তর করে। এরপর এটি সারা বিশ্বের মানুষের কাছে, বিশেষ করে মার্কিন অভিবাসীদের কাছে মুক্তির প্রতীক হয়ে ওঠে। ফরাসি স্থপতি ফ্রেদারিখ আগুস্তে বার্থদি স্ট্যাচু অব লিবার্টি তৈরি করেছিলেন। মূর্তি হস্তান্তরের এ অনুষ্ঠান বেশ ঘটা করে উদ্যাপন করা হয়। এ উপলক্ষে পৃথিবীর ৪৬টি দেশ থেকে অভিবাসী হিসেবে আসা ১২৫ জনকে মার্কিন নাগরিকত্ব দেওয়া হয়। তাঁরা নিউইয়র্ক হারবারের লিবার্টি দ্বীপে স্ট্যাচু অব লিবার্টির পাদদেশে দাঁড়িয়ে নাগরিকেত্বের শপথ গ্রহণ করেন। তাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বৈচিত্র্যপূর্ণ জাতিসত্তার উপস্থিতি স্মরণ করা হয়। এ সময় মার্কিন ও ফরাসি জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ ব্যাপারে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী কেন সালাজার বলেন, ‘জাতিসত্তার এই বৈচিত্র্য জাতি হিসেবে আমাদের শক্তিশালী করেছে।’ জন্মদিন উপলক্ষে হাডসন নদীর তীরে এলিস দ্বীপে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত হন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের প্রায় এক হাজার নাগরিক।আজ থেকে অনেক বছর আগে স্ট্যাচু অব লিবার্টির মশালে প্রবেশ করা যেত। ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলার সময় মশালের ভেতর সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ওই সময় একজন জার্মান গুপ্তচর পর্যটকের বেশে স্ট্যাচু অব লিবার্টির মশালে প্রবেশ করে এর ক্ষতিসাধনের চেষ্টা চালায়। ১২ মিনিট ধরে আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। শুক্রবারের অনুষ্ঠানের পর সংস্কার কাজের জন্য স্ট্যাচু অব লিবার্টি সাধারণ মানুষের জন্য এক বছর বন্ধ করে দেওয়া হয়। এএফপি।