প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের দিন ঘনিয়ে আসছে। ২৯ এপ্রিল অনুষ্ঠেয় এই বিয়ে অবিস্মরণীয় করে রাখতে সড়কে সড়কে অনুষ্ঠান বা স্ট্রিট পার্টির আয়োজনের জন্য ব্রিটিশদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্যামেরন। দ্য সান পত্রিকায় গতকাল সোমবার প্রকাশিত এক লেখায় তিনি এ আহ্বান জানান। সেই সঙ্গে এ ধরনের আয়োজনে বাগড়া না দেওয়ার জন্য স্থানীয় কাউন্সিলকে সতর্ক করে দিয়েছেন তিনি।উইলিয়াম-কেটের বিয়ের অনুষ্ঠান নিয়ে সারা বিশ্বের মানুষের উৎসাহের কমতি নেই। ব্রিটিশদের কথা তো আর বলতেই হয় না। তাঁরা হইহুল্লোড় আর মজা করে দিনটি কাটাতে চান। এ জন্য সারা দেশের বিভিন্ন সড়কে পার্টির আয়োজন করা হবে। এ ধরনের পার্টি করার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই চার হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে বলে জানা গেছে।এ ধরনের স্ট্রিট পার্টির আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমিও এ ধরনের একটি পার্টিতে যোগ দেব। অতএব আপনারাও সামনে এগিয়ে চলুন। আনন্দ করুন।’রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান বিভিন্ন সম্প্রদায়ের মেলবন্ধনের সুবর্ণ সুযোগ হতে পারে উল্লেখ করে ক্যামেরন বলেন, ‘কোনো দ্বিধা নয়, সবার জন্য দিনটি স্মরণীয় করে রাখতে এগিয়ে আসুন। উৎসবে মেতে উঠুন।’এর আগে গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়, এ ধরনের পার্টির আয়োজনের অনুমতি দিতে স্থানীয় কাউন্সিল গড়িমসি করে। রাস্তায় চলাচল অবাধ রাখার নামে কড়াকড়ি আরোপ করে। এ ধরনের বিধি শিথিল করার জন্য স্থানীয় কাউন্সিলগুলোকে নতুন নির্দেশনা পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে।স্ট্রিট পার্টি স্বচ্ছন্দ করতে আয়োজকদের উদ্দেশে ক্যামেরন বলেন, ‘ব্যাপার খুবই সোজা। কোনো সড়ক বন্ধ করার প্রয়োজন হলে স্রেফ আপনার কাউন্সিলকে বিষয়টি অবহিত করুন। এরপর তাঁরাই সব ব্যবস্থা করে দেবেন।’ এ ধরনের আয়োজনকে উৎসাহিত করতে স্ত্রী সামান্থাকে নিয়ে গতকাল ইংল্যান্ডের উত্তরাঞ্চল সফর করেন ক্যামেরন। বিবিসি।