স্তালিনকে নিয়ে বিতর্ক এবার চলচ্চিত্রের পর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তালিনকে নিয়ে রুশ সমাজ ও সরকারের ভেতর চলা দ্বন্দ্বে নতুন রসদ জোগালেন অস্কারজয়ী চলচ্চিত্রকার নিকিতা মিখালকভ। তাঁর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সদ্য মুক্তিপ্রাপ্ত বার্নট্ বাই দ্য সান ২ ছবিতে বিতর্কিত সোভিয়েত নেতাকে পুনর্বাসিত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। ১৯৯৫ সালে বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় অস্কার পুরস্কার পাওয়া বার্নট্ বাই দ্য সান-এর দ্বিতীয় পর্ব এ ছবিটি।দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয় উদ্যাপনের অংশ হিসেবে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। ৯ মে মস্কোর ৬৫তম ‘বিজয় দিবস’ পালনের প্রস্তুতির প্রাক্কালে ছবিটি মুক্তি পেল। সাড়ে পাঁচ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি রাশিয়ার সর্বকালের ব্যয়বহুল চলচ্চিত্র। তিন ঘণ্টার ছবির শুরুতেই দেখা যায় সামরিক কর্মকর্তা কর্নেল কোতভ (এই চরিত্রে পরিচালক মিখালকভ নিজেই অভিনয় করেছেন) ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছেন। স্বপ্নদৃশ্যে দেখা যায় স্তালিনকে ঘিরে রয়েছেন গুপ্ত পুলিশ বাহিনীর লোকজন। তাঁর জ্যাম লাগানো টোস্টের ওপর একটা বোলতাকে ওড়াউড়ি করতে দেখে কর্মকর্তারা কী করবেন, সেটা বুঝে উঠতে পারছিলেন না। কর্নেল কোতভ হঠাৎ স্তালিনের মুখটাই চেপে ধরেন একটা বড় কেকের ওপর। কেকটির ওপর ঘন চকোলেটে আঁকা ছিল স্তালিনের পাইপ গোঁজা মুখের ছবি।পরিচালক মিখালকভ অবশ্য স্তালিনকে ‘পুনর্বাসনের’ অভিযোগ নাকচ করে দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধফেরত সোভিয়েত সেনারা স্তালিনকে আসলেই সন্তের মতো ভক্তি করতেন। অন্যদিকে শ্রমশিবিরে যাওয়া বা তাদের স্বজনদের কাছে তিনি অশুভের প্রতীক, স্বৈরাচার। এ দুয়ের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমন্বয় না করা গেলে তাঁর চরিত্র-চিত্রণ একেবারেই বদলে যেতে পারে।’স্তালিনকে ঘিরে যে ভীতির আবহ বিরাজ করত, ছবিতে মিখালকভ তা তুলে ধরেছেন ঠিকই। তবে দখলদার জার্মানদের হাতে সোভিয়েত জনগণের দুর্দশা চিত্রিত করেছেন ব্যাপক আবেগের সঙ্গে, অনুপুঙ্খভাবে। ৫০ বছর বয়সী প্রকৌশলী নাদেঝদা বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোর একটি হল থেকে ছবিটি দেখে বের হয়ে বলেন, ‘সবাই তাঁকে কেমন ভয় পেত, তা এ ছবিটি দেখলে বোঝা যাবে।’স্তালিনের বিষয়ে রুশরা এখন দ্বিধাবিভক্ত। এই বিভক্তি রাশিয়ার সরকারের মধ্যেও স্পষ্ট হয়ে উঠেছে। সাবেক কেজিবি এজেন্ট প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেছেন, স্তালিন সোভিয়েত শিল্প বিপ্লবের মূল শক্তি ছিলেন এবং তাঁর কারণেই যুদ্ধে বিজয় নিশ্চিত হয়। সেদিক থেকে তিনি নায়কোচিত ব্যক্তি। তবে তাঁর শুদ্ধি অভিযানের সমালোচনাও করেন পুতিন। অন্যদিকে গত অক্টোবরে প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, তিনি এটা দেখে উদ্বিগ্ন যে, স্তালিন যে উৎপীড়ন চালিয়েছিলেন, তরুণ প্রজন্ম তার মাত্রাটি জানে না। পশ্চিমা ইতিহাসবিদদের মতে, স্তালিনের শাসনকালে মৃত্যুদণ্ড, নির্বাসন ও অনাহারে তিন থেকে ছয় কোটি লোকের মৃত্যু হয়। তবে রুশ কর্মকর্তারা এ সংখ্যা বেশ কয়েক লাখ বলে স্বীকার করে থাকেন।বার্নট্ বাই দ্য সান ২ আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। আগামী শরতে এ সিরিজের তৃতীয় ও শেষ ছবি সিটাডেল মুক্তি পাবে। রয়টার্স।