স্তালিনগ্রাদ যুদ্ধের ৭০ বছর উদ্যাপন
রাশিয়ায় স্তালিনগ্রাদ যুদ্ধের ৭০তম বার্ষিকী গতকাল ২ ফেব্রুয়ারি উদ্যাপন করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই দিনে প্রচণ্ড লড়াইয়ে সোভিয়েত বাহিনীর (রেড আর্মি) কাছে জার্মানির নাৎসি বাহিনী পরাজিত হয়েছিল। জাতীয় গৌরবময় দিবসটি উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ওই যুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন। টেলিভিশন ভাষণে পুতিন গত শুক্রবার বলেন, রাশিয়ার বিজয়ের মূলে ছিল দেশপ্রেম ও বিশ্বাস এবং অদম্য সাহসের শক্তি। এসব গুণই দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ বাহিনীকে অনুপ্রেরণা দিয়েছিল। দেশের শত্রু এবং আগ্রাসীদের বিষয়টি উপলব্ধি করা উচিত। ভোলগা নদীর পাড়ে ১৯৪৩ সালে ছয় মাসব্যাপী ওই যুদ্ধে ১০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। হিটলারের নাৎসি বাহিনীর জন্য এটিই ছিল প্রথম বড় ধরনের পরাজয়। পরবর্তীকালে সোভিয়েত বাহিনী অগ্রসর হয় জার্মানির বার্লিন শহর পর্যন্ত যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই বিজয় রুশ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। স্তালিনগ্রাদ যুদ্ধ ইতিহাস পাল্টে দিয়েছিল।১৯৪১ সালের জুনে সোভিয়েতের তৎকালীন স্বৈরশাসক স্তালিনের অজ্ঞাতে নাৎসিরা ঝটিকা আক্রমণ করে স্তালিনগ্রাদ দখল করে নিয়েছিল। শহরটির নাম পাল্টে ১৯৬১ সালে ভোলগাগ্রাদ রাখা হয়। এএফপি ও বিবিসি।