স্ত্রস কানের বিরুদ্ধে আরেকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান কর্মকর্তা স্ত্রস কানের বিরুদ্ধে আরেকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের এক নারী সাংবাদিকের আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ দায়ের করার কথা।ত্রিস্তেন ব্যানন (৩২) নামের ওই সাংবাদিক ও লেখক এক্সপ্রেস সাময়িকীকে অভিযোগ করে বলেছেন, ২০০৩ সালের ফেব্রুয়ারিতে তিনি প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী স্ত্রস কানের সাক্ষাৎকার নিতে যান। এ সময় কান তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু তিনি কোনোমতে পালিয়ে বেঁচেছেন। কানকে তিনি ‘কামুক শিম্পাঞ্জি’ হিসেবে আখ্যায়িত করেছেন।ব্যাননের আইনজীবী ডেভিড কুব্বি বলেন, আজ বুধবার নাগাদ কানের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র প্যারিসের কৌঁসুলিদের কাছে পৌঁছে যাবে।এর আগে নিউইয়র্কের একজন হোটেলকর্মী কানের বিরুদ্ধে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ আনেন। পরবর্তী সময়ে ওই অভিযোগকারীর সততা নিয়ে প্রশ্ন ওঠে। মামলাটি এখন ভেস্তে যাওয়ার পথে। কান গত শুক্রবার নিউইয়র্কের গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পান।স্ত্রস কান মুক্তি পাওয়ার পর তাঁর সমর্থকেরা আশা করছেন, যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ থেকে পুরোপুরি অব্যাহতি দিলে ৬২ বছরের কান আবার ফ্রান্সের রাজনীতিতে ফিরে আসতে পারবেন। এমনকি, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।তাঁর দল সোশ্যালিস্ট পার্টি বলেছে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে স্ত্রস কান অংশ নিতে পারবেন।গত সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ব্যানন বলেছেন, জামিন ছাড়াই কান মুক্তি পাওয়ায় এবং নিউইয়র্কের একটি রোস্তোরাঁয় কানকে নৈশভোজ করতে দেখে তিনি মর্মাহত হয়েছেন। এরপরই তিনি কানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। এপি।