স্ত্রস-কানের যৌন হয়রানির মামলা খারিজ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কানের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা খারিজ করে দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। গতকাল মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন। গত সোমবার স্ত্রস-কানের আইনজীবীরা মামলা খারিজের ওই আবেদন জানান।আইনজীবীরা আদালতে বিচারকের উদ্দেশে বলেন, কানের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। মামলাটি শুধু হোটেলকর্মী নাফিসাতাও দিয়ালোর অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে। সম্প্রতি তাঁর এই অভিযোগের বিশ্বাসযোগ্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।নিউইয়র্কের ম্যানহাটনের সোফিটেল হোটেলের কর্মী দিয়ালোকে গত ১৪ মে স্ত্রস-কান ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ আনা হয়। এই অভিযোগে একই মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে স্ত্রস-কান শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।মামলাটি খারিজ হলেও স্ত্রস-কান এখনই নিজ দেশ ফ্রান্সে যেতে পারছেন না। কেননা এ মামলায় একজন বিশেষ কৌঁসুলি নিয়োগের একটি আবেদন বিবেচনা করছেন উচ্চতর আদালত। সে ব্যাপারে কোনো রায় না হওয়া পর্যন্ত স্ত্রস-কান ফ্রান্সে যেতে পারবেন না। হোটেলকর্মী দিয়ালোর আইনজীবী ওই বিশেষ কৌঁসুলি নিয়োগের আবেদন করেন।রায় শোনার পর স্ত্রস-কান (৬২) স্ত্রী অ্যান সিনক্লেয়ারের সঙ্গে আদালত ভবন থেকে বেরিয়ে আসেন। স্ত্রস-কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাঁর স্ত্রী সব সময় তাঁর পাশেই ছিলেন।ফরাসি রাজনীতিক স্ত্রস-কান পরে সাংবাদিকদের বলেন, এই রায়ের মাধ্যমে একটি ভয়াবহ ও অন্যায্য অগ্নিপরীক্ষার অবসান ঘটল। তিনি বলেন, ‘তিন মাস ধরে একটি অন্যায় মামলার বিচার চলেছে। আমার এই চরম দুঃসময়ে ফ্রান্সে ও যুক্তরাষ্ট্রে যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’ তিনি বলেন, ‘আমি এখন ফ্রান্সে দ্রুত ফিরে যেতে চাই।’ এএফপি।