স্ত্রী-সন্তানকে হত্যার পর ভারতের সাবেক সেনার আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসী একজন সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা স্ত্রীসহ সন্তানদের হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন। গত শনিবার ক্যালিফোর্নিয়ায় এ ঘটনা ঘটে। অবতার সিং (৪৭) নামে ওই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ১৯৯৬ সালে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে জলিল আন্দ্রাবি নামে এক আইনজীবীকে হত্যার অভিযোগ রয়েছে। অভিযোগ ওঠার পর অবতার পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ভারত অবতারকে গ্রেপ্তার করে তাদের কাছে হস্তান্তর করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধও জানিয়েছিল। ক্যালিফোর্নিয়ার ফ্রেনসো কাউন্টি শেরিফের ডেপুটি ক্রিস কার্টিস জানান, গত শনিবার ভোর সোয়া ছয়টার দিকে অবতার তাঁকে ফোন করে জানান, তিনি চারজনকে হত্যা করেছেন। এ কথা শুনে কাউন্টি শেরিফের সোয়াত দলের সদস্যরা অবতারের বাড়িতে গিয়ে দেখেন, চারজনের মরদেহ পড়ে আছে। এর মধ্যে অবতার, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ ছিল। দুই সন্তানের মধ্যে একজনের বয়স তিন এবং অন্যজনের বয়স ১৫ বছর। সবাই বন্দুকের গুলিতে নিহত হয়েছে। এ ছাড়া ১৭ বছরের এক বালককেও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচার করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, গত বছরের ফেব্রুয়ারিতে অবতার সিংয়ের স্ত্রীর কাছ থেকে তিনি অভিযোগ পান, অবতার তাঁকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেছিলেন। এর পরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কয়েক দিন পর ভারত যুক্তরাষ্ট্রের কাছে অবতারকে নিজ দেশে হস্তান্তর করার অনুরোধ জানায়। তবে ভারতের অনুরোধ পাওয়ার পর থেকেই অবতার মুক্ত ছিলেন। এর কারণ অবশ্য এখানো জানা যায়নি। ফ্রেনসো কাউন্টির শেরিফ মার্গারেট মিমস বলেন, সাংবাদিকেরা অবতারকে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না মর্মে দুই মাস আগে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। কাশ্মীরে আইনজীবী হত্যার ঘটনায় পরোয়ানা জারির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকেরা তাঁর পেছনে ঘুরঘুর করছিলেন বলে তিনি জানান।অবতার সিং ফ্রেনসো কাউন্টির সেলমা শহরে ট্রাক পরিবহন ব্যবসা করতেন। তাঁর প্রতিষ্ঠানের নাম জে ট্রাক লাইনস। তাঁর প্রতিষ্ঠানের গাড়িচালক আলী আদনান জানান, ঘটনার আগের রাতেও তিনি অবতারের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি স্বাভাবিক ছিলেন। এপি ও ডন অনলাইন।