স্ত্রীকে বেতন দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু সংসারের কথা বলে আর গৃহবধূদের ঘরকন্নার কাজ করানো যাবে না। সংসারের কাজের জন্য তাঁদের মাসে মাসে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। বিষয়টি নিয়ে ভারতে একটি আইন প্রণয়নের কথা চিন্তা করছে নারী ও শিশু উন্নয়ন (ডব্লিউসিডি) মন্ত্রণালয়। এটি বাস্তবায়িত হলে পুরুষদের মাসিক আয়ের একটি নির্দিষ্ট অংশ স্ত্রীদের হাতে চলে যাবে।প্রস্তাবটি শিগগিরই অনুমোদনের সম্ভাবনা রয়েছে। ডব্লিউসিডি মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি খসড়া বিল তৈরি করছে। ছয় মাসের মধ্যে এটি পার্লামেন্টে উপস্থাপন করা হতে পারে।ডব্লিউসিডি মন্ত্রী কৃষ্ণা তিরাথ বলেন, ‘ভারতের বেশির ভাগ নারী বিয়ের পর ঘরোয়া কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এ কাজের জন্য তাঁদের কোনো মজুরি দেওয়া হয় না। তাই সরকার এমন একটি আইন প্রণয়ন করতে চায়, যাতে স্বামীরা নিজ আয়ের একটি নির্দিষ্ট অংশ স্ত্রীকে দিতে বাধ্য থাকেন। আমরা এ ব্যাপারে একটি জরিপ চালিয়েছি। এ নিয়ে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আরও আলোচনা করব।’ মন্ত্রী বলেন, সাধারণত তাঁদের কাজের ব্যাপারে প্রশ্ন করলে গৃহিণীরা বলেন, তাঁরা কিছুই করেন না। কিন্তু পরিবারের পেছনে তাঁদের দেওয়া শ্রম ও সময়ের একটা মূল্যায়নের কৌশল নির্ধারণ করা প্রয়োজন। এ ব্যাপারে আইন প্রণীত হলে সামাজিকভাবে ক্ষমতায়নের পরিচয়টি তুলনামূলক শক্তিশালী হবে। মন্ত্রী বলেন, এই আইনের ধারণা দিয়েছে কয়েকটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা (এনজিও)। স্বামীর আয়ের যে অংশ স্ত্রী পাবেন, তা শিশুদের ভালো খাবার, পড়াশোনা বা ঘরোয়া কাজকর্মের জন্য ব্যয় করা যেতে পারে। টাইমস অব ইন্ডিয়া।