স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনেতাদের সামনে নিজের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেলেন, ‘আমার ভাগ্য ভালো যে মিশেল প্রেসিডেন্ট পদের জন্য আগ্রহী নয়। তা না হলে জনপ্রিয়তায় সে সহজেই আমাকে হারিয়ে দিতে পারে।’নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশন। নগরের অন্যপাশে চলছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জনকল্যাণমূলক আন্তর্জাতিক সম্মেলন ‘গ্লোবাল ইনিশিয়েটিভ’। এতে যোগ দিচ্ছেন রাষ্ট্রনেতারা। গতকাল এতে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।ক্লিনটন দম্পতিকে ইঙ্গিত করে ওবামা বলেন, ‘বিল ক্লিনটন জানেন নিজের থেকে সুন্দর ও স্মার্ট কোনো নারীকে বিয়ে করার ঝক্কির কথা। তবে আমার ভাগ্য ভালো যে মিশেল স্বয়ং প্রেসিডেন্ট পদের জন্য মোটেই আগ্রহী নয়।’প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘যেকোনো বিষয়েই মিশেল ওবামার জিজ্ঞাসা, আমরা কাদের সাহায্য করছি? কার জীবনে ঘটনাটি পরিবর্তন এনে দেবে? কার জীবনের উন্নয়নের জন্য কাজটি হচ্ছে?’ তিনি আরও বলেন, ‘মিশেলই আমার নৈতিকতার কেন্দ্রবিন্দু। তার কাছে এলেই আমার স্মরণ হয়, কেন আমি এত দূর আসতে পেরেছি। মিশেলের কাছে প্রতিদিন আমি নৈতিকতা, দয়া ও দৃঢ়তার প্রতিফলন দেখতে পাই।’স্বামীর মুখে এমন প্রশংসা শুনে মিশেল ওবামা খানিকটা বিব্রতই হন। তারপর দাঁড়িয়ে বলেন, ‘স্বামীর এমন ভূমিকার পর কি বলতে হবে বুঝতে পারছি না।’ স্বামীকে ধন্যবাদ জানিয়ে দর্শকের উদ্দেশে মিশেল বলেন, ‘আপনারা দেখতেই পারছেন, কেন আমি লোকটিকে বিয়ে করেছিলাম। মোটেই মন্দ নয়—আপনারা কী বলেন?’