স্ত্রীর সমর্থন পেতে ধূমপান ত্যাগের প্রতিশ্রুতি দিতে হয়েছিল ওবামাকে
স্ত্রী মিশেল ওবামার সমর্থন না পেলে হয়তো প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীই হতেন না বারাক ওবামা। আর এই সমর্থন আদায়ের জন্য তাঁকে ধূমপান ত্যাগ করা আর সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রতিশ্রুতি দিতে হয়েছিল। সম্প্রতি প্রকাশিত দ্য রেস অব এ লাইফটাইম নামের একটি বইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য টাইমস। পত্রিকাটি জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ওবামা স্ত্রীর কাছে প্রতিশ্রুতি দেন, তিনি ধূমপান ছেড়ে দেবেন, রোববার বাড়িতে পরিবারের সঙ্গে কাটাবেন, মেয়েদের শিক্ষক-অভিভাবক বৈঠকগুলোতে অংশ নেবেন। এর পরই কেবল ওবামাকে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে সহযোগিতা করতে রাজি হন মিশেল।ওই বইতে বলা হয়েছে, ২০০৭ সালেও ওবামার মনে ভিন্ন ভাবনা কাজ করছিল। ওই সময় তাঁর প্রধান পরামর্শককে ওবামা বলেছিলেন, ‘শুধু বারাক ওবামা হয়ে থাকাটাও খুব একটা খারাপ না।’ ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের সংশ্লিষ্ট ২০০টির বেশি সাক্ষাত্কার নিয়ে ছাপা হওয়া বইটির সহ-লেখক মার্ক হালপেরিন বলেন, ‘মিশেল কি ওবামাকে (প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া থেকে) থামাতে পারতেন? কোনো প্রশ্ন ছাড়াই পারতেন। মিশেল আসলেই এর বিরোধী ছিলেন।’ পিটিআই।