স্থলসীমান্ত চুক্তি নিয়ে আরও কঠোর অবস্থানে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সাধারণ নির্বাচনের আগে পার্লামেন্টে সীমান্ত বিল পেশ ও পাস করানোর প্রশ্নে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের মনোভাব আরও কঠোরতর করেছে। গতকাল শনিবার সংসদ ভবনে সংবাদ সম্মেলন করে লোকসভার বিরোধী নেত্রী সুষমা স্বরাজ জানিয়ে দিয়েছেন, সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধন বিলটি কোনোভাবেই তাঁরা রাজ্যসভায় পেশ ও পাস হতে দেবেন না।

বিজেপির অবস্থান প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান সুষমা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত হালকাভাবে এই চুক্তি করেছিলেন, যা করা উচিত হয়নি। জমি অত্যন্ত আবেগের বিষয়। কোনোভাবেই আমরা ১০ হাজার একর জমি হাতছাড়া করতে পারব না।’

সীমান্ত বিল নিয়ে বিজেপিতে মতানৈক্য রয়েছে বলে যে প্রচার চলছে, তা অস্বীকার করা এবং এই বিষয়ে তাদের অনড় মনোভাবের কথা জানাতেই মূলত সংবাদ সম্মেলন করেন সুষমা। তাঁকে প্রশ্ন করা হয়, দলের নেতা বরুণ গান্ধী কলকাতায় ও অন্যত্র এই বিলের পক্ষে অভিমত দিয়েছেন। তাহলে কি দলে এ নিয়ে মতানৈক্য আছে? সুষমা জবাবে বলেন, বরুণ গান্ধীর সঙ্গে এই বিষয়ে দলের কথা হয়েছে। বরুণ জানিয়েছেন, তাঁর বক্তব্য হিসেবে যা প্রচার হয়েছে, তা তিনি বলেননি। দলীয় সিদ্ধান্তের সঙ্গে তিনি ভিন্নমত পোষণ করেন না।

বস্তুত, দলে যে বিভাজন নেই তা তুলে ধরতেই আসামের দুই দলীয় সাংসদ বিজয়া চক্রবর্তী ও কবীন্দ্র পুরকায়স্থকে পাশে বসিয়ে সুষমা এই সংবাদ সম্মেলন করেন। তাঁকে বলা হয়, বাংলাদেশের মানুষের কাছে এই চুক্তির বাস্তবায়ন একটা আবেগের বিষয়। সুষমা উত্তর দেন, ‘আমাদের কাছেও এটা আবেগের। আমাদের জন্য ১০ হাজার একর জমির প্রশ্ন।’

দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে এই বিল প্রয়োজনীয় বলে ক্ষমতাসীন দল কংগ্রেসের দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরাও ক্ষমতায় ছিলাম। আমাদের সময়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো ছিল। ক্ষমতায় এলে সম্পর্ক আবারও ভালো হবে।’

বিজেপি ক্ষমতায় এলে এই বিল পাস করাবেন কি না, জানতে চাওয়া হলে সুষমা সরাসরি তার উত্তর দেননি। তিনি বলেন, ‘ক্ষমতায় এলে দেখা যাবে। প্রতিবেশীদের সঙ্গে সেরা সম্পর্ক স্থাপিত হবে।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে বিজেপি নেতা অরুণ জেটলি বিল পাসে আশ্বাস দিয়েছিলেন কি না, জানতে চাওয়া হলে সুষমা বলেন, ‘তেমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। অরুণ বলেছিলেন দলের সঙ্গে আলোচনা করে জানাবেন।’

সীমান্ত বিল নিয়ে তৃণমূল কংগ্রেসও তাদের অবস্থানে অনড়। বিজেপিও এখন ভিন্ন সুর শোনাচ্ছে। কাজেই আদৌ এই বিলটি বর্ষাকালীন অধিবেশনে উত্থাপন করা যাবে কি না, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিল।

গত সোমবার বিলটি রাজ্যসভায় উত্থাপনের জন্য তৃতীয়বারের মতো চেষ্টা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। কিন্তু হঠাৎ করে তৃণমূলের কয়েকজন সাংসদের বাধার কারণে সেটা সম্ভব হয়নি। যদিও তৃণমূল ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এ চুক্তির ব্যাপারে রাজ্যের সম্মতি দেওয়া হয়েছিল।

এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার তিন মাস পর কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র সচিবকে চিঠি লিখে খসড়া চুক্তিতে সায় দিয়েছিলেন পশ্চিমবঙ্গে তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষ। পশ্চিমবঙ্গের সম্মতি চেয়ে ২০১১ সালের ১৫ আগস্ট চিঠি পাঠান তৎকালীন পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই। এর পাঁচ দিন পর ওই চিঠির জবাবে সমর ঘোষ রঞ্জন মাথাইকে লেখেন, ‘খসড়া চুক্তির ব্যাপারে রাজ্য সরকারের সম্মতির কথা আমি আপনাকে জানাচ্ছি।’

আনন্দবাজার লিখেছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সাংসদের সে দিন রাজ্যসভায় বিলটি পেশে বাধা দিলেন কেন? মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এই চিঠি যখন পাঠানো হয়েছিল, তখন সবেমাত্র আমরা সরকারে এসেছি। চিঠির খসড়া তৈরি হয়েছিল আগের সরকারের সময়ই। আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় সেই খসড়া চলে গিয়েছে এবং সেটির বক্তব্যে বাম সরকারের মতামতেরই প্রতিফলন থেকে গেছে।’