স্নোডেন আছেন মস্কো বিমানবন্দরে: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে দেওয়া সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেন এখনো মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আছেন। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা নিশ্চিত করেছেন।স্নোডেনকে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে পুতিন এ কথা জানালেন। পুতিন বলেন, স্নোডেন অবাধে বিমানবন্দর ত্যাগ করতে পারেন। তিনি যত তাড়াতাড়ি গন্তব্য ঠিক করবেন, ততই মঙ্গল।যুক্তরাষ্ট্র এর আগে স্নোডেনকে নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো ঝামেলা চায় না জানিয়ে তাঁকে হস্তান্তর করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিল।কিন্তু পুতিন স্পষ্টতই স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার ইঙ্গিত দিয়েছেন।পুতিন বর্তমানে ফিনল্যান্ড সফরে রয়েছেন। গতকাল সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়টি ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কে প্রভাব ফেলবে না বলেই তিনি আশা করেন।স্নোডেনকে পালাতে সহায়তা করার যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে করেছে যুক্তরাষ্ট্র, তা ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যা দিয়েছেন পুতিন।স্নোডেন বিমানবন্দরের ট্রানজিট এলাকায় থাকায় তিনি রাশিয়ায় পদার্পণ করেননি এবং এ কারণে তাঁকে হস্তান্তরের অনুরোধ মানা সম্ভব নয় বলে যুক্তি দেখাচ্ছেন রাশিয়ার কর্মকর্তারা।এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, স্নোডেনের ঘটনায় রাশিয়া মোটেই জড়িত নয়। এমনকি তিনি রাশিয়ার সীমান্তের ভেতরেও পা দেননি। লাভরভ বলেন, স্নোডেনের উধাও হয়ে যাওয়া নিয়ে রাশিয়াকে দোষারোপ করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে, তা ‘ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য’। তিনি বলেন, ‘আমরা স্নোডেন, মার্কিন বিচার বিভাগের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা কিংবা বিশ্বব্যাপী স্নোডেনের চলাফেরা—এর কোনো কিছুর সঙ্গেই জড়িত নই।’অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চু নিং বলেছেন, স্নোডেনের ব্যাপারে চীনকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়।একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্নোডেন রোববার বিকেলে হংকং থেকে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে অবতরণ করেন। ওই দিনই তাঁর কিউবার রাজধানী হাভানার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তিনি হাভানার টিকিটও কেটেছিলেন। কিন্তু সেই টিকিট ব্যবহার করেননি। ওয়েবসাইট উইকিলিকসের ব্রিটিশ আইনজীবী সারাহ হ্যারিসন স্নোডেনের সঙ্গে ছিলেন বলে জানিয়েছে বিবিসি।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সোমবার ভারতে সফরকালে বলেন, চীন স্নোডেনকে পালিয়ে যেতে সহায়তা করেছে বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেলে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে ‘গভীর সংকট’ তৈরি হবে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি গতকাল বলেছেন, ওয়াশিংটন এখনো মনে করে স্নোডেন রাশিয়ায় আছেন। তাঁকে হস্তান্তর করতে রাশিয়া সব রকম চেষ্টা করবে বলেই যুক্তরাষ্ট্র আশা করে। মুখপাত্র জে কার্নির বক্তব্যের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ স্নোডেনের বিষয়ে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করেন। সংবাদদাতারা বলছেন, স্নোডেন মস্কোয় নামার পর বিমানবন্দরের ট্রানজিট এলাকায় থাকায় কৌশলগত দিক থেকে তিনি রাশিয়ায় পদার্পণ করেননি—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে লাভরভের কথায়। রয়টার্স, এএফপি।