স্নোডেন-ইস্যু প্রভাব ফেলবে ইরান-সিরিয়া পরিস্থিতিরওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

রাশিয়া এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেওয়ায় রুশ-মার্কিন সম্পর্কে যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, তার প্রভাব পড়বে আন্তর্জাতিক নানা ইস্যুতেও। বিশেষ করে সিরিয়ায় গৃহযুদ্ধ, ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে এর সরাসরি প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী স্নোডেনকে গত বৃহস্পতিবার সাময়িক আশ্রয় দেয় রাশিয়া। মার্কিন নজরদারির তথ্য ফাঁস করায় স্নোডেনের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্র শুরু থেকেই স্নোডেনকে ওয়াশিংটনের কাছে হস্তান্তরের জন্য মস্কোর ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছিল। মূলত এ কারণেই স্নোডেনকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিতে এক মাসেরও বেশি সময় নেয় মস্কো। রাশিয়ার এই সিদ্ধান্তের পর হোয়াইট হাউস তার অসন্তুষ্টির কথা জানিয়েছে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রেসিডেন্ট বারাক ওবামার মস্কো সফরের সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনার কথাও ভাবছে।
এই পরিস্থিতিতে বৈশ্বিক বিভিন্ন ইস্যুর ওপর রুশ-মার্কিন বর্তমান সম্পর্কের প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের রাশিয়াবিষয়ক উপদেষ্টা অ্যান্ড্রু ওয়েস বলেন, ‘রাশিয়ার বিষয়ে ওয়াশিংটনের রাজনৈতিক পরিবেশ এখন বৈরী। এই পরিবেশ তৈরিতে আগে থেকেই অনেক বিষয় কাজ করেছে। এখন স্নোডেন ইস্যু এই পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।’

রুশ-মার্কিন ভিন্ন অবস্থানের তালিকা দীর্ঘ। সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ায় রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে শান্তি আলোচনা আয়োজনের ক্ষেত্রে রুশ-মার্কিন পারস্পরিক সহযোগিতা আরও কঠিন হয়ে দাঁড়াল।

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়েও যুক্তরাষ্ট্র-রাশিয়ার অবস্থান একই রেখায় নয়। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরানের ওপর নতুন অবরোধ আরোপে রাশিয়া তাদের সঙ্গে থাকবে না। নতুন পরিস্থিতিতে ওয়াশিংটনের এই আশঙ্কা আরও জোরালো হবে বলেই মনে হচ্ছে।

পারমাণবিক অস্ত্র হ্রাসের ব্যাপারে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি করতে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রেসিডেন্ট ওবামা। গত জুনে জার্মানির বার্লিনে এ-সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন তিনি। এ ব্যাপারে শুরু থেকেই খুব বেশি সাড়া দেয়নি রাশিয়া। স্নোডেনকে নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক যে মাত্রায় পৌঁছেছে, তাতে ওবামার পক্ষে ওই প্রস্তাব বেশি দূর এগিয়ে নেওয়া কঠিন।

ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল সার্ভিসের ডিন জেমস গোল্ডগিয়ার বলেন, ‘কোনো পক্ষই রুশ-মার্কিন শত্রুভাবাপন্ন সম্পর্ক চায় না। এটা বিশ্বকে বিপজ্জনক জায়গায় পরিণত করবে।’