স্নোডেন কাণ্ড ও রাশিয়া-যুক্তরাষ্ট্রের পরিবর্তিত সম্পর্ক

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলের অস্বস্তির জন্য দায়ী অ্যাডওয়ার্ড স্নোডেনের ঘটনা এখন সিরিয়া-যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা ও ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতার বিষয়েও ছায়া ফেলেছে। এ কাণ্ড একই সঙ্গে পরমাণু অস্ত্র কমানোর চুক্তির ব্যাপারে হোয়াইট হাউসের ইচ্ছার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলেছে। রয়টার্সের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাশিয়া স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অবনমিত সম্পর্ক বছরের সবচেয়ে বাজে অবস্থায় ঠেকেছে। আবার ভূ-রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে একত্রে কাজ করার প্রচেষ্টাকে আরও ঝামেলাপূর্ণ করেছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক ঠিকাদারকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে রাশিয়া সরাসরি ওবামার গালে চপেটাঘাত করেছে। ফলে আসন্ন সেপ্টেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠেয় এক সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে ভাবছেন ওবামা, যা হবে প্রেসিডেন্ট পুতিনের জন্য চরম অবমাননাকর।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিলে, স্নায়ুযুদ্ধের সময়কার প্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্রের মিত্রতার সুযোগ আরও ক্ষীণ হবে। তাঁদের মতে, ৩০ বছর বয়সী একজন হ্যাকারের কারণে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
বিশ্লেষকদের ধারণা, পরিকল্পনামাফিক সেপ্টেম্বরের সম্মেলন হলেও নানা বিষয়েও ওবামা ও পুতিনের মতপার্থক্য দূর হবে না। কারণ ওই দুই রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সম্পর্ক তেতো। এর আগে অনুষ্ঠিত তাদের বৈঠকগুলো হয়েছে অনুত্পাদনশীল আর নামকাওয়াস্তে।
টানা পাঁচ সপ্তাহ রাশিয়ার শেরেমেতিয়েভো বিমানবন্দরে থাকার পর স্নোডেনকে এক বছরের জন্য আশ্রয় দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলেই আশাবাদ ব্যক্ত করেছে ক্রেমলিন। তবে ওবামা প্রশাসনের কর্মকর্তা ও শীর্ষ আইনপ্রণেতাদের ইঙ্গিত, স্নোডেনকে আশ্রয় দেওয়ার পর রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের লেনদেন আর স্বাভাবিক থাকছে না।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের রাশিয়াবিষয়ক উপদেষ্টা অ্যান্ড্রু ওয়াইস বলেন, ‘রাশিয়া বিষয়ে ওয়াশিংটনের রাজনৈতিক আবহাওয়া এখন বিষাক্ত। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলে রাশিয়া নিয়ে যথেষ্ট ক্ষোভ ছিল। স্নোডেন সেটাকে আরও ত্বরান্বিত করেছে।’
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অবনমিত সম্পর্কের পরিসর আরও বড় হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি রাশিয়ার সমর্থনের মধ্য দিয়ে। ওবামা আসাদকে ক্ষমতাচ্যুত করতে আন্তর্জাতিক মহলের নেতৃত্ব দিলেও মস্কো বিপক্ষ নেয়।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ওই বাজে সম্পর্কের ফলে এখন সিরিয়ায় যুদ্ধাবস্থার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে শান্তি আলোচনায় সহায়তার ক্ষেত্রেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মিত্রতার পথ ক্ষীণ হবে।
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোও চায় ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টাকে দমাতে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিবর্তিত সম্পর্কের কারণে সে প্রচেষ্টায়ও রাশিয়া বাদ সাধতে পারে বলে ধারণা করা হচ্ছে।