স্নোডেনকে দেশে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

মার্কিন গোপন নজরদারির খবর ফাঁস করে দেওয়া জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে দেশটির বিচার বিভাগ। এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক এইচ হোল্ডার জুনিয়র এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টকে দেওয়া ওই সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল আলোচিত বোস্টন বোমা হামলার ঘটনায় অভিযুক্ত জোখার সারনায়েভের বিরুদ্ধে কী সাজার আবেদন জানানো হতে পারে, সে বিষয়েও কথা বলেছেন। হোল্ডার আরও জানিয়েছেন, অপরাধসংক্রান্ত যেসব মামলায় তথ্যপ্রমাণ হিসেবে সরকার কর্তৃত্ববহির্ভূত নজরদারি কার্যক্রমের মাধ্যমে পাওয়া তথ্যপ্রমাণ ব্যবহার করেছে, সেগুলো মার্কিন বিচার বিভাগ বর্তমানে নিবিড়ভাবে পর্যালোচনা করে দেখছে। প্রয়োজনে কিছু ঘটনায় বিবাদীদের এ বিষয়ে অবগত করাও হবে।
অ্যাটর্নি জেনারেল হোল্ডার বলেন, ‘বিভিন্ন পর্যায়ে থাকা এই মামলাগুলোর খুঁটিনাটি পর্যালোচনা করে দেখা হবে। যেখানে উপযুক্ত মনে হবে, সেখানে বিবাদীদের তথ্য দেওয়া হবে, যাতে করে তাঁরা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সে সিদ্ধান্ত নিতে পারেন।’
স্নোডেনকে রাশিয়া থেকে ফেরত আনার প্রচেষ্টা বিচার বিভাগ পরিত্যাগ করেনি জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা একটানা না চললেও অব্যাহত রয়েছে, এটা বলা যায়। তবে রুশ কর্মকর্তারা এখনো স্নোডেনকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর ব্যাপারে রাজি নন।
মার্কিন নজরদারি কার্যক্রমের খবর ফাঁস করায় স্নোডেনকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র। তা এড়াতে বর্তমানে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান-এর সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ডের বিরুদ্ধে মামলা করার ব্যাপারে মার্কিন বিচার বিভাগের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। স্নোডেনের ফাঁস করা নথিগুলোর ভিত্তিতে যেসব সাংবাদিক অসংখ্য প্রতিবেদন লিখেছেন, ব্রাজিলে বসবাসরত মার্কিন নাগরিক গ্রিনওয়াল্ড তাঁদের অন্যতম।
এদিকে যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনের সময় বোমা হামলার আলোচিত ঘটনায় অভিযুক্ত জোখারের ব্যাপারেও কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানিয়েছেন, জোখারের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আবেদন করা হবে কি না, সে বিষয়ে আগামী জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। হোল্ডার বলেন, বোস্টনের অ্যাটর্নি ক্যামেরন ওরটিজ, বিচার বিভাগের পর্যালোচনা কমিটিসহ বিভিন্ন পক্ষ থেকে এ-সংক্রান্ত যেসব সুপারিশ এসেছে, তা তিনি পর্যালোচনা করবেন। ওয়াশিংটন পোস্ট।