যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক রবার্ট মুয়েলার বলেছেন, গোয়েন্দা নজরদারি কর্মসূচির খবর ফাঁস করার সঙ্গে জড়িত এডওয়ার্ড স্নোডেনকে ধরতে সর্বাত্মক অভিযান চালানো হবে। গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিচার বিভাগসংক্রান্ত কমিটির সামনে মুয়েলার এ কথা বলেন। এদিকে হংকংয়ের দুই শীর্ষ আইনজ্ঞ সেখানে আশ্রয় নেওয়া স্নোডেনকে বিচারের সম্মুখীন না করতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।বিচার বিভাগসংক্রান্ত কমিটির সামনে দেওয়া বক্তব্যে এফবিআই-প্রধান মুয়েলার নজরদারি কর্মসূচি ফাঁসের বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করা হচ্ছে বলে নিশ্চিত করেন। তিনি এ সময় সরাসরি স্নোডেনের নাম উল্লেখ না করে তাঁকে ধরতে উদ্যোগের কথা বলেন। মুয়েলার অভিযোগ করেন, ইন্টারনেট ও ফোনের তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন প্রচেষ্টার বিষয়ে সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে, তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। কংগ্রেস কমিটির সামনে মুয়েলার বলেন, ‘এ তথ্য ফাঁসের জন্য দায়ী ব্যক্তিকে ধরার জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। এ পরিকল্পনা ফাঁস হওয়ায় আমাদের জাতি ও নিরাপত্তার অনেক ক্ষতি হয়েছে।’এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ইন্টারনেট ও ফোনে নজরদারির মাধ্যমে এ পর্যন্ত বেশ কয়েকটি বড় ধরনের জঙ্গি নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বৃহস্পতিবার বলেন, ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশ করার পর বিতর্কের মুখে পড়া ডেনমার্কের একটি পত্রিকায় বোমা হামলার পরিকল্পনা হয়। ওই পরিকল্পনায় জড়িত শিকাগোর বাসিন্দা ডেভিড হেডলিকে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয়। একই বছর নিউইয়র্কের পাতালরেলে বোমা হামলার পরিকল্পনাও নস্যাৎ করা হয়। জে কারনি দাবি করেন, নজরদারি কার্যক্রমের কল্যাণেই ওই সব হামলা পরিকল্পনার তথ্য আগেভাগে পাওয়া সম্ভব হয়েছিল।এদিকে হংকংয়ের দুই শীর্ষ আইনজ্ঞ গ্যারি ফ্যান ও ক্লডিয়া মো হংকংয়ে আশ্রয় নেওয়া স্নোডেনের বিচার না করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। যৌথভাবে ওবামাকে লেখা এক চিঠিতে তাঁরা স্নোডেনকে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ারও অনুরোধ করেন। স্নোডেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গতকাল শুক্রবার তাঁর সমর্থকেরা হংকংয়ে মিছিল করেছে। এএফপি ও বিবিসি।