স্নোডেনকে ফেরাতে বাবাকে রাশিয়া যাওয়ার প্রস্তাব দেয় এফবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন স্নোডেন
লন স্নোডেন

সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে তাঁর বাবা লন স্নোডেনকে রাশিয়া নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। কিন্তু মস্কোর বিমানবন্দরে অবস্থানরত ছেলের সঙ্গে যোগাযোগের ব্যাপারে এফবিআইয়ের ওপর ‘আস্থা রাখতে না পারায়’ লন স্নোডেন রাশিয়া যেতে রাজি হননি।
প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে গত মঙ্গলবার এ কথা বলেছেন লন।
লনওয়াশিংটন পোস্টকে বলেন, এফবিআই রাশিয়া যাওয়ার প্রস্তাব দিলে তাদের বলি, ‘আমি ছেলের সঙ্গে কথা বলার নিশ্চয়তা চাই...আপনারা আমাকে তাঁর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবেন?’ এর জবাবে তারা বলে, ‘আমরা এ ব্যাপারে নিশ্চিত নই।’ পরে আমি তাদের বলি, ‘আপনাদের আবেগের অস্ত্র হয়ে আমি রাশিয়া যেতে চাই না।’ লন বলেন, ‘আমি আসলে তাদের ওপর আস্থা রাখতে পারছিলাম না।’
উইকিলিকসকে তথ্য সরবরাহ করায় মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংকে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করার বিষয়টি ছেলের ভবিষ্যৎ নিয়ে লন স্নোডেনকে আরও উদ্বিগ্ন করেছে। তবে লন মনে করেন, ম্যানিং আর স্নোডেনের বিষয় ‘একেবারে ভিন্ন’। তিনি জানান, তাঁর ছেলে এডওয়ার্ড স্নোডেন মার্কিন সেনা ম্যানিংয়ের দারুণ ভক্ত।
সরকারের গোপন নজরদারির তথ্য ফাঁস করায় স্নোডেনের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। মামলার আগেই যুক্তরাষ্ট্র ছেড়ে প্রথমে হংকং ও সেখান থেকে গত ২৩ জুন রাশিয়ার মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্র পাসপোর্ট বাতিল করায় বিমানবন্দরের ট্রানজিট এলাকায় থাকতে হচ্ছে স্নোডেনকে। সিএনএন।