স্নোডেনকে মৃত্যুদণ্ড নয়: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না বলে রাশিয়াকে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার বিচারমন্ত্রী আলেকসান্দর কোনোভালোভকে দেওয়া এক চিঠিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এ আশ্বাস দিয়েছেন। ২৩ জুলাইয়ের ওই চিঠিটি গতকাল শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত হয়।
চিঠিতে বলা হয়েছে, স্নোডেনের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড নয়। এর বাইরে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধের অভিযোগ আনা হলেও মার্কিন সরকার ওই শাস্তি চাইবে না।
রুশ সরকারকে মার্কিন অ্যাটর্নি জেনারেল আরও লিখেছেন, স্নোডেনকে দেশে ফেরত পাঠানো হলে তাঁর ওপর কোনো ধরনের নির্যাতন করা হবে না। যুক্তরাষ্ট্রে নির্যাতন বেআইনি। বেসামরিক বিচারব্যবস্থার সব ধরনের সুযোগ-সুবিধাও তাঁকে দেওয়া হবে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর সঙ্গে একজন আইনজীবী থাকবেন।
যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হলে নির্যাতন ও মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে—এ আশঙ্কায় রাশিয়ায় অস্থায়ীভাবে আশ্রয় চেয়ে আবেদন করেছেন স্নোডেন। এই খবর প্রকাশিত হওয়ার পর স্নোডেনের ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে রুশ সরকারের কাছে ওই চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

স্নোডেন গতকাল শুক্রবারও রাশিয়ার শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করেন। গত বৃহস্পতিবার রুশ গণমাধ্যম জানিয়েছিল, স্নোডেনকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দিয়েছে রাশিয়া। কিন্তু গতকাল পর্যন্ত এ-সংক্রান্ত কাগজপত্র স্নোডেনের হাতে পৌঁছার খবর পাওয়া যায়নি।

মার্কিন জনগণের ওপর গোপন নজরদারির তথ্য ফাঁস করায় স্নোডেনের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। মামলার আগেই ২০ মে যুক্তরাষ্ট্র ছেড়ে হংকং যান স্নোডেন। গত ২৩ জুন হংকং ছেড়ে শেরেমেতিয়েভো বিমানবন্দরে পৌঁছান তিনি।