স্নোডেনের জন্য রাজনৈতিক আশ্রয়ের চেষ্টায় অ্যাসাঞ্জ
মার্কিন গোপন নজরদারি কর্মসূচির তথ্য ফাঁস করে আলোচিত এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় পেতে সহায়তার চেষ্টা করছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। একই ধরনের কাজ করে খ্যাতি পাওয়া অ্যাসাঞ্জ এ বিষয়ে আইসল্যান্ডের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে মধ্যস্থতা করছেন। যুক্তরাষ্ট্রের ওই কর্মসূচির খবর ফাঁস করার পর দেশ ছেড়ে চীনশাসিত হংকংয়ে চলে যান স্নোডেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে কবজায় নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে ঘোষণা দিয়েছেন। জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, তিনি স্নোডেনের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আর আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর ডেভিড গুনলাগসন বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক এই কর্মীর একজন ‘মধ্যস্থতাকারীর’ সঙ্গে তাঁদের ‘অনানুষ্ঠানিক আলোচনা’ হয়েছে। তবে প্রধানমন্ত্রী গুনলাগসন জানান, আইসল্যান্ডে ঢুকতে হলে ৩৭ বছর বয়সী স্নোডেনকে রাজনৈতিক আশ্রয়ের জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হবে। লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে এক কনফারেন্স কলের মাধ্যমে অ্যাসাঞ্জ বলেন, ‘আইসল্যান্ডে স্নোডেনের জন্য রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে একটি সমঝোতার প্রক্রিয়ায় যুক্ত রয়েছি আমরা। আমরা তাঁর আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।’ অ্যাসাঞ্জ নিজে যৌন হয়রানির মামলায় সুইডেনে প্রত্যর্পণ এড়াতে এক বছর ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। এডওয়ার্ড স্নোডেন ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ চেষ্টার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করবেন। অবশ্য, চীনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং থেকে তাঁকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক কোনো অনুরোধ করেনি। বিবিসি।