স্নোডেনের তথ্য প্রকাশে গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমসের সমঝোতা
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা কিছু গোপন নথি অন্যান্য সংবাদপত্রকেও দেবে গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস। গত শুক্রবার প্রভাবশালী ও বহুল প্রচারিত পত্রিকা দুটি এ মর্মে তাঁদের সমঝোতার কথা জানিয়েছে।
গার্ডিয়ান-এর ওয়েবসাইটে এক নিবন্ধে বলা হয়, যুক্তরাজ্য সরকারের যোগাযোগ সদর দপ্তর (জিসিএইচকিউ)-সম্পর্কিত স্নোডেনের সরবরাহ করা গোপন নথিপত্র ধ্বংস কিংবা সরকারের কাছে হস্তান্তর না করলে পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল যুক্তরাজ্য সরকার। এর প্রেক্ষাপটে নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে গার্ডিয়ান।
এদিকে স্নোডেনের কাছ থেকে পাওয়া নথিপত্র প্রকাশ অব্যাহত রাখতে গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস পরে অন্য সব পত্রিকার সঙ্গে সমঝোতা করে।
নিউইয়র্ক টাইমস-এর নির্বাহী সম্পাদক জিল অ্যাব্রামসন স্নোডেনের সরবরাহ করা নথিপত্র প্রকাশে অংশীদারত্ব চুক্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সাধারণত কোনো প্রতিবেদন প্রকাশের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করি না। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল। কারণ, স্নোডেনের ফাঁস করা সেই নথিপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। গার্ডিয়ান-এর কাছ থেকে সংগৃহীত তথ্যই আমরা প্রকাশ করছি।’
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কয়েক সপ্তাহ আগে ওই চুক্তি হয়। অ্যাব্রামসন এতে সরাসরি ভূমিকা রাখেন।
ধারণা করা হচ্ছে, নিউইয়র্ক টাইমস-এর জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দাবিষয়ক প্রতিবেদক স্কট শেইন সিরিজ প্রতিবেদন তৈরি করছেন। আগামী মাসে এসব প্রতিবেদনগার্ডিয়ান-এর সঙ্গে যৌথভাবে প্রকাশ করা হতে পারে। রয়টার্স।