স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা
সরকারি নজরদারির কথা ফাঁস করায় সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানান।স্নোডেনের বিরুদ্ধে ১৪ জুন এই মামলা করা হলেও গত শুক্রবার তা প্রকাশ করা হয়। প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে জানা যায়, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি আদালতে স্নোডেনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর সেই আদালত স্নোডেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, চুরি ও ‘সরকারি সম্পত্তি পরিবর্তনের’ অভিযোগ আনা হয়েছে। মার্কিন আইনে প্রতিটি অভিযোগের শাস্তি কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড।এদিকে মার্কিন দুটি পৃথক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, স্নোডেনের প্রত্যর্পণ চেয়ে যুক্তরাষ্ট্র শিগগিরই হংকংয়ের কাছে আবেদন করবে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী স্নোডেন লাখ লাখ সাধারণ মানুষের ফোনকল ও অনলাইন তৎপরতায় মার্কিন প্রশাসনের নজরদারির কথা ফাঁস করে গত ২০ মে যুক্তরাষ্ট্র থেকে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং চলে যান। হংকংয়ের স্থানীয় পত্রিকা অ্যাপল ডেইলির প্রতিবেদনে বলা হয়, স্নোডেন পুলিশের হেফাজতে আছেন। তবে হংকংয়ের পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ব্রিটিশ সরকারের নজরদারি: এদিকে স্নোডেন যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাকে বলেছেন, সে দেশের ইলেকট্রনিক আড়িপাতা-বিষয়ক সরকারি সংস্থাটি বৈশ্বিক ইন্টারনেট তথ্যপ্রবাহ ও ফোনকল বহনকারী ফাইবার অপটিক কেবল গোপন প্রবেশগম্যতা পেয়েছিল। স্নোডেনের ফাঁস করা নথিপত্রের উল্লেখ করে গার্ডিয়ান গতকাল শনিবার লিখেছে, ব্রিটিশ সরকারের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টারস (জিসিএইচকিউ) বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্যের প্রক্রিয়াকরণ শুরু করেছে এবং মার্কিন সহযোগী ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সঙ্গে তা বিনিময়ও করছে।এএফপি, রয়টার্স ও বিবিসি।