স্নোডেনের মিশন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস আগে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নজরদারি কার্যক্রম ফাঁস করা শুরু করেছিলেন সংস্থাটির সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন। এবার তিনি ঘোষণা দিয়েছেন, তাঁর ‘মিশন শেষ হয়েছে’।

গত জুনে রাশিয়ায় এসে আশ্রয় নেওয়ার পর প্রথম দেওয়া সরাসরি সাক্ষাত্কারে স্নোডেন ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেন, তিনি এখন সন্তুষ্ট। কারণ, জনগণ ইন্টারনেট ও টেলিফোনে মার্কিন সরকারের নজরদারির খবর জানতে পেরেছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত ওই সাক্ষাত্কারে তিনি বলেন, ‘ব্যক্তিগত সন্তুষ্টির কথা বললে আমার মতে, এই মিশন ইতিমধ্যে শেষ হয়েছে। আমি এরই মধ্যেই জয়ী হয়েছি। সাংবাদিকেরা যত তাড়াতাড়ি সম্ভব কাজ করতে সক্ষম হয়েছেন, আমি যা কিছু করার চেষ্টা করেছি, তা ছিল বৈধ। আমি সমাজকে বদলে দিতে চাইনি। সমাজকে সুযোগটা দিতে চেয়েছি, সমাজই নির্ধারণ করুক পরিবর্তন দরকার কি না।’

২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইন্টারনেট ও টেলিফোনে আড়ি পেতে এনএসএর তথ্য সংগ্রহের মাত্রা নাটকীয়ভাবে বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এনএসএর ভূমিকা নিয়ে বিতর্ককে স্বাগত জানিয়ে বলেন,  ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিয়ে বিতর্ক ওঠায়, তিনি সংস্থাটির বিস্তৃত ক্ষমতায় পরিবর্তন আনার চিন্তাভাবনা করছেন। এএফপি।