
মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁস করে হইচই ফেলে দেওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) চুক্তিবদ্ধ সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে জার্মানির সরকারি কৌঁসুলিরা সাক্ষাৎ করতে পারবেন। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুঠোফোনে মার্কিন গোয়েন্দাদের আড়ি পাতার বিষয়ে কথা বলবেন তাঁরা।
বার্তা সংস্থা ইন্টারফেক্সের এক খবরে বলা হয়, নজরদারির বিষয়ে তথ্য-প্রমাণ দিয়ে সহায়তা দিতে জার্মানির কয়েকজন আইনপ্রণেতা স্নোডেনকে জার্মানি সফরের আমন্ত্রণ জানান। কিন্তু গত আগস্টে রাশিয়ায় আশ্রয় পাওয়া স্নোডেনের পক্ষে বার্লিন সফর সম্ভব নয়। কারণ, রাশিয়ার বাইরে গেলে তিনি উদ্বাস্তুর মর্যাদা হারাতে পারেন। এ ছাড়া তাঁকে মার্কিন কর্তৃপক্ষের কাছে সোপর্দ করার আশঙ্কাও রয়েছে।
খবরে আরও বলা হয়, স্নোডেন রাশিয়াতেই জার্মানির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে আগ্রহী। তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য জার্মানির জেনারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি প্রতিনিধিদলকে রাশিয়ায় অথবা স্নোডেনের কাছে লিখিত প্রশ্ন পাঠানো হতে পারে।
এদিকে গত বৃহস্পতিবার জার্মানির সরকারি টেলিভিশন এআরডির এক খবরে বলা হয়, গ্রিন পার্টির আইনপ্রণেতা হ্যান্স-খ্রিশ্চিয়ান স্ট্রোয়েবেল স্নোডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। তবে কোথায় তাঁদের সাক্ষাৎ হয়, এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য অনুযায়ী, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কর্মীরা ম্যার্কেলসহ অন্তত ৩৫ জন বিশ্বনেতার মুঠোফোনে আড়ি পেতেছিলেন। এ সম্পর্কিত তথ্য-প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও ওই সাক্ষাতে জানান স্নোডেন। এ বিষয়ে রাশিয়া কিংবা জার্মানিতে সাক্ষ্য দিতেও রাজি আছেন তিনি। এএফপি।