স্নোডেনের সঙ্গে বাবার আবেগঘন সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির তথ্য ফাঁস করে আলোচিত এডওয়ার্ড স্নোডেনের বাবা লন স্নোডেন গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করেছেন। রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী স্নোডেনের সঙ্গে তাঁর বাবার এটাই প্রথম সাক্ষাৎ।
বাবা ও ছেলের সাক্ষাতের মুহূর্তটি খুবই ‘আবেগঘন’ ছিল বলে গতকাল শুক্রবার প্রচারমাধ্যমের সূত্রে জানা গেছে। তবে কখন, কোথায় এ সাক্ষাৎ হয়—সে সম্পর্কে কিছু বলেনি গণমাধ্যম। একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, ‘ইতিমধ্যেই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল খুবই আবেগঘন।’
সূত্রটি বলছে, নিরাপত্তাজনিত কারণে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এমনকি স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনার পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্নোডেনকে এক বছরের জন্য সাময়িক আশ্রয়ের অনুমতি দিয়েছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে, বিচারের জন্য স্নোডেনকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হোক।
গত ১ আগস্ট রাশিয়া রাজনৈতিক আশ্রয় অনুমোদনের আগে স্নোডেন এক মাসের মতো মস্কো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আটকা পড়ে ছিলেন। যুক্তরাষ্ট্র সরকার পাসপোর্ট বাতিল করায় তিনি বিমানবন্দর থেকে বের হতে পারছিলেন না।
পুরস্কার পেলেন স্নোডেন: সিআইএর সাবেক কর্মীদের কাছ থেকে ‘বুদ্ধিমত্তায় একাগ্রতার’ স্বীকৃতি হিসেবে স্যাম অ্যাডামস পুরস্কার পেয়েছেন স্নোডেন। গত বুধবার মস্কোয় আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। সিআইএর সাবেক কর্মীদের সংগঠন দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি প্রজেক্ট স্নোডেনকে পুরস্কারটি দেয়। এএফপি।