স্নোডেনের সঙ্গে যোগাযোগ নেই: ভেনেজুয়েলা

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি বলে জানিয়েছে ভেনেজুয়েলা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, গতকাল শনিবার ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইলিয়াস জওয়া এ তথ্য জানান।
এর এক দিন আগে গত শুক্রবার ভেনেজুয়েলার স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরো স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
লাখ লাখ ফোনকল ও অনলাইন তত্পরতায় মার্কিন প্রশাসনের গোপন নজরদারির তথ্য ফাঁস করে গত ২০ মে যুক্তরাষ্ট্র থেকে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে যান স্নোডেন। গত ২৩ জুন তিনি হংকং ছেড়ে রাশিয়া যান। তখন থেকে স্নোডেন মস্কোর শেরেমেয়িতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছেন।
ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে স্নোডেনের বিষয়ে জানতে চাইলে ইলিয়াস বলেন, ‘না, স্নোডেনের সঙ্গে আমাদের কোনো ধরনের যোগাযোগ হয়নি। তবে তিনি ভেনেজুয়েলায় আশ্রয় নিতে আগ্রহী কি না, তা জানতে আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করব।’
আলোচিত ওয়েবসাইট উইকিলিকস জানায়, গতকাল শনিবার স্নোডেন রাজনৈতিক আশ্রয় চেয়ে আরও ছয়টি দেশে আবেদন করেন। যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলে এখনই ওই এসব দেশের নাম প্রকাশ করা হবে না। এ ছাড়া স্নোডেন ইতিমধ্যে ২১টি দেশে একই ধরনের আবেদন করেছেন, যার বেশির ভাগ দেশই ওই আবেদন নাকচ করে দিয়েছে।