স্নোডেনেরই জয় হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের জয় দাবি করেছেন উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যাপক গোয়েন্দা নজরদারি কর্মসূচি সীমিত করার যে পরিকল্পনা করেছেন, তাতে স্নোডেনেরই জয় হয়েছে বলে অ্যাসাঞ্জ মন্তব্য করেছেন।
গত শুক্রবার এক বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নজরদারি কর্মসূচি রদবদলের পরিকল্পনা করে মার্কিন প্রেসিডেন্ট মূলত তথ্য ফাঁসকারী হিসেবে স্নোডেনের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছেন। ওবামা শুক্রবার নাগরিকদের ফোন এবং ইন্টারনেটে আড়িপাতার গোয়েন্দা কর্মসূচিতে আরও স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়াসহ এর কোনো রকম অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা রাখা এমনকি ফোনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রযোজ্য আইনও সংশোধনের পরিকল্পনা প্রকাশ করেন। স্নোডেনের তথ্য ফাঁসের কারণেই ওবামা সরকার এখন আড়িপাতা কর্মসূচি ঢেলে সাজাচ্ছে উল্লেখ করে অ্যাসাঞ্জ বলেন, আজ এডওয়ার্ড স্নোডেন আর তাঁর অগণিত সমর্থকেরই জয় হয়েছে। রয়টার্স।