স্পর্শকাতর এলাকায় নতুন সড়ক করছে ইসরায়েল
পশ্চিম তীরের সংবেদনশীল একটি এলাকায় নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। সড়কটি জেরুজালেম ও পশ্চিম তীরের মালেহ আদামিম ইহুদি বসতিকে সংযুক্ত করবে। ইসরায়েল সরকারের একটি পরিকল্পনা কমিটিতে গতকাল বৃহস্পতিবার এটি অনুমোদিত হওয়ার কথা। ইসরায়েলের প্রভাবশালী ইংরেজি দৈনিক হারেৎজ এ খবর দিয়েছে।জেরুজালেমের পূর্বে ই১ জোনে ইসরায়েলের বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ প্রচেষ্টার সর্বশেষ ঘটনা পরিকল্পিত এই সড়কটি। ইসরায়েলের এ সব পদক্ষেপের বিরুদ্ধে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পক্ষ থেকে প্রতিবাদ এসেছে।ইসরায়েলি বসতি স্থাপন পর্যবেক্ষণকারী মানবাধিকার সংগঠন পিস নাউ-এর কর্মকর্তা হাজিট ওফরান সড়ক নির্মাণের বিষয়ে ইসরায়েলি পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সড়কটি বেশি দীর্ঘ না হলেও এর রাজনৈতিক প্রভাব হবে বিরাট। কেননা, এটি পূর্ব জেরুজালেমে ইসরায়েলি অধিকৃত ভূখণ্ড ও পশ্চিম তীরের এক ইহুদি বসতির মধ্যে সংযোগ স্থাপন করবে। একই সঙ্গে তা ফিলিস্তিনিদের এমনভাবে ই১ অতিক্রম করতে বাধ্য করবে যাতে ইসরায়েলিরা বলতে পারবে, কোনো সমস্যা নেই। এএফপি।