ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে গত বছর স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তার বর্ষপূর্তিতে গতকাল রোববার আবারও স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশেও। তবে বড় বিক্ষোভ হয়েছে স্পেনেই। স্পেনে বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল রাজধানী মাদ্রিদের পুয়োর্তা দেল সল স্কয়ার দখল করা। এ লক্ষ্যে বিক্ষোভকারীরা শনিবার রাতেই ওই স্কয়ারে জড়ো হতে থাকেন। রাতটি তাঁরা স্কয়ারেই কাটিয়ে দেন। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে বিক্ষোভকারীরা সেখানে সমবেত হওয়ায় রোববার ভোরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করে পুলিশ। মাদ্রিদ ছাড়াও দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে।কয়েক দশক ধরে স্পেনে তীব্র অর্থনৈতিক সংকট এবং বেকারত্বের হার রেকর্ডসংখ্যক বেড়ে যাওয়ায় গত বছর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে দেশটির সরকার। এর প্রতিবাদে আন্দোলনে নামেন সাধারণ মানুষ। প্রথমে রাজধানী মাদ্রিদ ও পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।স্পেন কর্তৃপক্ষ বলছে, শনিবার রাতে পুয়োর্তা দেল সল স্কয়ারে বিক্ষোভকারীদের অবস্থান করার সময়সীমা বেঁধে দিয়েছিল পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা তা অমান্য করলে গতকাল ভোরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।জানা গেছে, হাজার হাজার মানুষ উৎসবের আমেজ নিয়ে মাদ্রিদে বিক্ষোভে অংশ নেন। এঁদের বেশির ভাগই ছিলেন বয়সে তরুণ। আর এঁদের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও পরিবারের সদস্যরাও যোগ দেন। বিক্ষোভ ঠেকাতে পুয়োর্তা দেল সল স্কয়ারে প্রায় দুই হাজার দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সকাল পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল।বিক্ষোভকারী সোফিয়া রুজ বলেন, ‘জনগণের অবস্থান পুনরুদ্ধারই আমাদের বিক্ষোভের লক্ষ্য। গত বছর বিক্ষোভ করার পর আরও এক বছর যে আমরা টিকে আছি, তা জানিয়ে দিতেই এবারের এই বিক্ষোভ। দেশে বিদ্যমান অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব।’স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল কমপক্ষে ৪৫ হাজার বিক্ষোভকারী বার্সেলোনার রাস্তায় নেমেছেন।বার্সেলোনার বিক্ষোভকারী জোসে হেলমান্দেজ বলেন, তিনি বংশগতি ও অণুজীববিজ্ঞানী। কিন্তু তার পরও এই ক্ষেত্রে কোনো চাকরি পাননি। যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির খোঁজে দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন অনেক মানুষ। হেলমান্দেজ আরও বলেন, ‘আমি ফ্রান্সে থাকতাম। দুই বছর আগে দেশে ফিরেছি। কিন্তু এখনো দীর্ঘমেয়াদি কোনো চাকরি পাইনি।’স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে গত বছরের নভেম্বরে নির্বাচিত হন মারিয়ানো রাজয়। নির্বাচিত হয়েই তিনি ব্যয় সংকোচন নীতি ও কর বাড়ানোর ঘোষণা দেন। তাঁর এ নীতি জনগণকে ক্ষুব্ধ করে তোলে।একই দাবিতে যুক্তরাজ্যসহ ইউরোপের আরও কয়েকটি দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। লন্ডনের সেন্ট পল ক্যাথেড্রালের সামনে গতকাল কয়েক শ বিক্ষোভকারী সমবেত হয়ে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে স্লোগান দেয়। একইভাবে গতকাল পর্তুগালের লিসবন এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টেও বিক্ষোভ হয়েছে। বিবিসি।