স্পেনে বিমান চলাচল নিয়ন্ত্রকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সর্বাত্মক ধর্মঘটের কারণে সে দেশে সব বিমানবন্দর অচল হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার গতকাল শনিবার দেশজুড়ে সতর্কাবস্থা জারি করেছে। বিমান চলাচল বন্ধ থাকায় কমপক্ষে আড়াই লাখ যাত্রীর ছুটির দিনের ভ্রমণ ভণ্ডুল হয়ে যায়।ধর্মঘটী কর্মকর্তাদের বিরুদ্ধে সামরিক দণ্ডবিধির আওতায় অপরাধের অভিযোগ আনা হতে পারে। কাজের সময় কমানোসহ দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় নিয়ন্ত্রণ কর্মকর্তারা হুট করে ধর্মঘটে যান। ১৯৭৫ সালে স্বৈরশাসক জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর সে দেশে এই প্রথম সতর্কাবস্থা জারি করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী আলফ্রেদো পেরেজ রুবালকাবা সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্ত্রীরা বৈঠক করে দেশজুড়ে ১৫ দিনের জন্য সতর্কাবস্থা জারি করার সিদ্ধান্ত নেন। এর পরও কর্মকর্তারা যদি কাজে না ফেরেন, তাহলে সামরিক দণ্ডবিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ আনা হবে। মন্ত্রী এর আগে তাঁদের সতর্ক করেছিলেন, আইন অমান্য করলে তাঁদের গুরুতর সাজা ভোগ করতে হবে। কর্মকর্তারা ধর্মঘটে যাওয়ার আগের দিন সন্ধ্যায় তাঁদের কাজের সময় নিয়ে হট্টগোল করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগুয়েজ জাপাতেরো বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা সেনাবাহিনীর হাতে তুলে দেন। গতকাল সকালে নিয়ন্ত্রণ কর্মকর্তারা হুট করে ধর্মঘটে যান। এতে দেশের বিমানবন্দরগুলো অচল হয়ে পড়ে। স্পেনের বিমানবন্দরগুলো সূত্রে জানা গেছে, গতকাল দেশের বিমানবন্দরগুলোতে বিমান চলাচল করেনি। অনেক বিমান সংস্থা তাদের গতকালের ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত স্পেনের সব বিমানের ফ্লাইট বাতিল করা হয়। এয়ার ফ্রান্স, কেএলএম, থাই এয়ারওয়েজসহ আরও কয়েকটি বিমান সংস্থা আজ রোববার সকাল পর্যন্ত তাদের বিমানগুলোর ফ্লাইট বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। আকস্মিকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন। এএফপি, বিবিসি।