স্পেনে সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে সে দেশে ব্যাপক বিক্ষোভ চলছে। গতকাল শুক্রবার রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীদের পুলিশ লাঠিপেটা করেছে এবং তাদের ওপর রাবার বুলেট ছুড়েছে।শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে গতকাল সকালে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে পুলিশ তাদের বাধা দেয়। রাবার বুলেটে আহত হয়েছে ছয় বিক্ষোভকারী। এ সময় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কর্মচারীদের বেতন হ্রাস ও কর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ দেশটির বেশ কয়েকটি শহরে গতকাল দিনের শুরুতেই বিক্ষোভকারীরা রাস্তায় নামে। বিক্ষোভকারীদের মধ্যে সাধারণ কর্মচারীদের পাশাপাশি অগ্নিনির্বাপণ কর্মী, পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের কর্মীরাও ছিলেন। তাঁরা সরকারের ব্যয় সংকোচনের নীতিকে সরাসরি ‘ডাকাতি’ বলে আখ্যায়িত করে স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা পুয়েরতা দেল সোল চত্বরের দিকে অগ্রসর হতে শুরু করে। এখানেই আগের দিন বৃহস্পতিবার হাজার হাজার বিক্ষোভকারী সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে বিক্ষোভ করেছিল। চত্বরটিতে যাওয়ার পথে কিছু বিক্ষোভকারী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারে। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে অগ্নিসংযোগও করে। এ সময় দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে। আন্দোলনকারীরা কড়া নিরাপত্তাবেষ্টনী ঘেরা পার্লামেন্ট ভবনে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করে।ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভটি হয় বৃহস্পতিবার। গত সপ্তাহে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় আর্থিক সংকট কাটিয়ে উঠতে ছয় হাজার ৫০০ কোটি ইউরো ব্যয় সংকোচনের পরিকল্পনা ঘোষণা করেন। এ নীতি বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের বেতন হ্রাস পাবে। এএফপি, বিবিসি।