স্পেনের ৬ কোটি ফোনালাপে মার্কিন আড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বেআইনি গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে খোদ মার্কিনিরা। গতকাল রোববার ওয়াশিংটনের বিক্ষোভ মিছিলের ছবি। ছবি: ডেইলি মেইল
যুক্তরাষ্ট্রের বেআইনি গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে খোদ মার্কিনিরা। গতকাল রোববার ওয়াশিংটনের বিক্ষোভ মিছিলের ছবি। ছবি: ডেইলি মেইল

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এক মাসে স্পেনের ছয় কোটি ফোনালাপে আড়ি পেতেছে বলে জানিয়েছে স্পেনের গণমাধ্যম।
আজ সোমবার ‘এল পাইস’ ও ‘এল মুনডো’ নামে দুটি পত্রিকায় স্পেনের ওপরে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির খবর প্রকাশিত হয়। তবে পত্রিকাগুলোর এমন দাবির ব্যাপারে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
পত্রিকাগুলোর প্রতিবেদনে অভিযোগ করা হয়, ১০ ডিসেম্বর ২০১২ থেকে এ বছরের ৮ জানুয়ারি পর্যন্ত এনএসএ লাখো স্পেনীয় নাগরিকের ফোনালাপ, খুদে বার্তা ও ই-মেইলের ওপর আড়ি পেতেছিল।
প্রতিবেদনগুলোতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের সরবরাহ করা নথিপত্র থেকে এ তথ্য জানা গেছে। আরও বলা হয়, এনএসএ ফোনকারী ও গ্রাহক উভয়ের নম্বর ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে, অথচ বিষয়বস্তু রেকর্ড করেনি।
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি প্রতিনিধিদল যখন ওয়াশিংটনে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, তখন এ খবর প্রকাশিত হলো।
ইউরোপীয় পার্লামেন্টের ব্যক্তি-স্বাধীনতা কমিটির নেতারা মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
স্পেনের নাগরিক ও রাজনীতিকদের ওপরে যুক্তরাষ্ট্রের নজরদারির অভিযোগের ব্যাপারে স্পেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রতি সমন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূতকে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য আহ্বান জানানো হয়।
টেলিকম কোম্পানিগুলোর কাছ থেকে ফাইবার অপটিক তার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল নাকি অন্য কোনোভাবে গুপ্তচরবৃত্তি চালানো হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
ইতিমধ্যে জাপানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, জাপানের মধ্য দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেব্ল দিয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেসব তথ্য প্রবাহিত হয়, তা পর্যবেক্ষণের জন্য জাপান সরকার যেন এনএসএকে সহায়তা করে।
দ্য কিয়োদো বার্তা সংস্থার খবরে আরও বলা হয়, চীনের ওপর নজরদারির করাই ছিল যুক্তরাষ্ট্রের অভিপ্রায়। কিন্তু আইনগত সীমাবদ্ধতা ও লোকবলের অভাব দেখিয়ে বাদ সেধেছিল জাপান।
জার্মানির গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র এক দশকেরও বেশি সময় ধরে চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পেতেছে এবং মাত্র কয়েক মাস আগে মার্কিন গোয়েন্দারা আড়ি পাতা বন্ধ করেছে।
ম্যার্কেল নজরদারির অভিযোগের বিষয়টি তদন্তের জন্য এ সপ্তাহে তাঁর দেশের জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের ওয়াশিংটনে পাঠাচ্ছেন।
‘দ্য গার্ডিয়ান’ শুক্রবার জানিয়েছিল, এনএসএ বিশ্বের ৩৫ জন নেতার ফোনালাপের ওপর নজরদারি করেছে।